সিলেটের ফেঞ্চুগঞ্জে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ও তাঁর ভাইকে হত্যার ঘটনায় এলাকাবাসী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রউফসহ তিনজনকে ধরে পুলিশে দিয়েছেন।
ফেঞ্চুগঞ্জ সার কারখানা বাজারে গত শনিবার রাত প্রায় সাড়ে ১০টায় ১০-১২ জন অস্ত্রধারী শাহিন ও শামীমকে কুপিয়ে হত্যা করে। আওয়ামী লীগের ওই নেতাসহ তিনজনকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করার বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।
হত্যাকাণ্ডের বিচার দাবিতে গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মোহাম্মদ শাহিন খান (১৮) ও মোহাম্মদ শামীম খান (২২) ফেঞ্চুগঞ্জ কচুয়াবহর গ্রামের সানু মিয়ার ছেলে। শাহিন শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষায় এ গ্রেড পেয়েছেন। তিনি ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দেন। শামীম ফেঞ্চুগঞ্জ সার কারখানার শ্রমিক। তাঁদের মূল বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার জাদেরগুল গ্রামে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, আবদুর রউফের ছেলের নেতৃত্বে দুই ভাইকে হত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। রাতেই বিষয়টি পুলিশকে জানানো হয়। গতকাল সকালে আবদুর রউফ ও তাঁর ছেলে মাহবুবুর রহমান ওরফে ফুয়াদ ফেঞ্চুগঞ্জ সার কারখানার বাজার এলাকার নিজ বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী পুলিশে খবর দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে দেখে, সার কারখানা বাজারে এলাকাবাসী আবদুর রউফ, ফুয়াদ ও শাকিল নামে একজনকে ঘেরাও করে রেখেছেন। পুলিশ ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। দুই ভাইকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ক্ষুব্ধ লোকজন গতকাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট-মৌলভীবাজার সড়কের পালবাড়ি এলাকায় অবরোধ সৃষ্টি করে হত্যার বিচার দাবি করা হয়।
দুপুর ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন হত্যাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুই ভাইয়ের ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে বাড়িতে তাঁদের দাফন সম্পন্ন হয়। এর আগে গতকাল দুপুরে তাঁদের কচুয়াবহর গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, শামীম ও শাহিনের মা ফাতেহা বেগম আত্মীয়স্বজনকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন।
শাহিন-শামীমের বড় ভাই মোহাম্মদ শাকিল খান জানান, আওয়ামী লীগের নেতার পক্ষের লোকজনের সঙ্গে পূর্ববিরোধের জের ধরে হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে তাঁরা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে পূর্ববিরোধ কি নিয়ে, সে বিষয়ে শাকিল বিস্তারিত কিছু বলেননি। সার কারখানা বাজার এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ফেঞ্চুগঞ্জ সার কারখানায় কাজ করা ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে আওয়ামী লীগের নেতার পরিবারের সঙ্গে শাহিন-শামীমদের বিরোধ ছিল। এ বিরোধ থেকে পরিকল্পিতভাবে হামলা করা হয়। নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।