আ.লীগের নেতাসহ দুজনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় দুজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
সদর উপজেলা শহরের পাঁচঘড়িয়াকান্দি এলাকায় পৌর নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের নেতা ওয়াহিদুজ্জামান বাবুল ও পৌর কাউন্সিলর জাকির হোসেনের মধ্যে বিরোধ চলছিল। বাবুল মুন্সিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গত শনিবার রাত ১১টার দিকে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে কিশোর মো. জনি (১৭) নিহত হয়। আহত হন আরও ছয়জন।
থানা-পুলিশ জানায়, ঘটনার পর তারা বাবুল, তাঁর চাচাতো ভাই অপু ও সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবিড় আহমেদকে গ্রেপ্তার করে। বাবুল ও অপুর কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ২২টি গুলি ও পাঁচটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গত রোববার রাতে নিহত জনির বাবা মনির হোসেন সরদার বাদী হয়ে বাবুলকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়। আর অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।
মুন্সিগঞ্জ সদর আমলি আদালতের নির্বাহী হাকিম মো. জসিম উদ্দীন অস্ত্র উদ্ধারের মামলায় গতকাল সোমবার বাবুল ও অপুর রিমান্ড মঞ্জুর করেন। হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনের প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের জন্য পুলিশের আবেদনের শুনানি হবে ১৯ জুন।