মেহেরপুর শহরে গতকাল সোমবার ট্রাকের চাপায় আওয়ামী লীগের এক নেতা নিহত হন। গোপালগঞ্জ, চাঁদপুর, মাদারীপুর, সিরাজগঞ্জ, বগুড়া, বরিশাল, গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হন। চুয়াডাঙ্গায় গতকাল সড়ক দুর্ঘটনায় দৈনিক এক সাংবাদিক আহত হন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:মেহেরপুর: মেহেরপুর শহরের টেলিফোন এক্সচেঞ্জ অফিসপাড়ার প্রধান সড়কে গতকাল সোমবার ট্রাকচাপায় শামসুজ্জোহা বিশ্বাস (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। তিনি মেহেরপুর শহর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। গোপালগঞ্জ: শহরতলির হরিদাসপুর সেতুর কাছে গতকাল নসিমনের চাপায় রাতুল (৪) নামে এক শিশু নিহত হয়। মুকসুদপুর উপজেলার ধোপাদি গ্রামে রোববার একটি যাত্রীবাহী বাসের চাপায় মুন্নু মিয়া (৩০) নামে এক যুবক নিহত হন। শাহরাস্তি (চাঁদপুর): কচুয়া-কালীয়াপাড়া সড়কের কচুয়া উপজেলার আশ্রাফপুর ব্রিকফিল্ড এলাকায় গতকাল সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ইটের স্তূপের সঙ্গে ধাক্কা খায়। এতে ব্রিটিশ আমেরিকান টোবাকোর বিক্রয় প্রতিনিধি বিশ্বজিৎ চন্দ্র দাস (২২) নিহত হন। মাদারীপুর: রাজৈর উপজেলার সানেরপাড় এলাকায় গতকাল সকালে যাত্রীবাহী বাসের চাপায় রবিউল শেখ (১১) নামের এক শিশু নিহত হয়েছে।সিরাজগঞ্জ: সদর উপজেলার সালুয়াভিটায় বাসচাপায় নূরজাহান (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাস ভাঙচুর করে সড়ক অবরোধ করে।আদমদীঘি (বগুড়া): সান্তাহার পৌর শহরের বাইপাস সড়কের কার্লভাটের পাশে রোববার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যক্তিগত গাড়ি খাদে পড়ে যায়। এতে গাড়ির আরোহী আছিদা খাতুন (৬৫) ও তাঁর ছেলে ব্যবসায়ী আব্দুর রব ( ৪৫) নিহত হন।গৌরনদী (বরিশাল): উপজেলার বাটাজোর-সরিকল সড়কের সাকোকাঠি এলাকায় রোববার একটি মিশুকের চাপায় উপজেলার মহিষা গ্রামের মোহাম্মদ আলী হাওলাদার (৬০) নিহত হন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুধন্তি এলাকায় গতকাল ট্রাকের চাপায় মো. জানু মিয়া (৫০) নামের এক ব্যাবসায়ী নিহত হন। তিনি সরাইল উপজেলার শাহবাজপুর বাজার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক। কালিয়াকৈর (গাজীপুর): উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের যাত্রী লিপি আক্তার (২৫) ও হাসিনা আক্তার (২৩) নামের দুই পোশাকশ্রমিক নিহত হন।চুয়াডাঙ্গা: দর্শনার হঠাৎপাড়া এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহী দৈনিক যুগান্তরের জীবননগর উপজেলা প্রতিনিধি সালাউদ্দিন ওরফে কাজল (৩৫) আহত হন।