বগুড়ার ধুনট উপজেলায় সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার রাতে বন বিভাগের পক্ষ থেকে ধুনট থানায় মামলাটি করা হয়। পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার চিকাশি ইউনিয়নের গজারিয়া গ্রামে সরকারি রাস্তার দুই পাশে ১০ বছর আগে বিভিন্ন জাতের কাঠের গাছ রোপণ করে বন বিভাগ। গত ২৯ মার্চ সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাইয়ের ছোট ভাই জিলানী আকন্দ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুল হাসান ও চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম তাঁদের লোকজন নিয়ে ওই রাস্তা থেকে ১৫টি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যান। এ সময় বাধা দেওয়ায় স্থানীয় বন বিভাগের সুবিধাভোগী সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেন তাঁরা। খবর পেয়ে বন বিভাগের লোকজন ও ধুনট থানার পুলিশ গাছগুলো উদ্ধার করে। এ নিয়ে ৩০ মার্চ প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই ধুনট উপজেলা বন বিভাগের কর্মকর্তা মাহবুর রশিদ বাদী আওয়ামী লীগের ওই নেতারাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু ধুনট থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ অভিযোগটি মামলা হিসেবে নিতে অপারগতা প্রকাশ করেন। পরে বন বিভাগের কর্মকর্তারা বগুড়া জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করার পর অবশেষে রোববার রাতে অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়।ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘অনেকটা চাপের মুখের পড়েই মামলা করতে দেরি হয়েছে।’