চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজারের দুটি কাপড়ের দোকানে গত সোমবার রাতে চুরি হয়েছে৷ এ ঘটনায় ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাদীসহ নয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন দোকান মালিক দিজেন্দ্র লাল পোদ্দার৷
এজাহারে উল্লেখ করা হয়েছে, সোমবার রাতে আসািমরা ওই বাজারের পোদ্দার বস্ত্রালয় ও পোদ্দার বস্ত্র বিতানের শাটারের তালা ভেঙে ১৮ লাখ টাকার কাপড় ও ১৭ হাজার টাকা চুরি করে নিয়ে যান৷ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মামলার বাদী ও তাঁর লোকজন রাম বর্মণ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন৷
বাদী দিজেন্দ্র লাল পোদ্দার বলেন, গত বছরের ২৯ জুন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও দখলের অভিযোগে চাঁদপুর আদালতে ওই আসামিদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা চলমান রয়েছে৷ সোমবার ওই মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আসামিরা প্রকাশ্যে আদালত প্রাঙ্গণে তাঁকে হুমকি দেন৷
অভিযোগের ব্যাপারে আবদুল হাদী মিয়া বলেন, ‘আমি হাজীগঞ্জ বাজারের বাসায় থাকি৷ আমাকে কোন অপরাধে চুরির মামলায় আসািম করা হবে?’
থানা হেফাজতে থাকা রামু বর্মণ বলেন, ‘আমি রাজারগাঁও বাজারে ওষুধের ব্যবসা করি৷ দোকান দুটির প্রকৃত মালিক আমরা৷ টাকাপয়সা না থাকায় আমরা প্রশাসন ও আইনের কাছে হেরে গেছি৷’