আ.লীগের নেতৃত্বে রাতে জমি দখল দিনে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর পৌর বাজারের ধানের হাটের ২০ শতক খাসজমি মঙ্গলবার রাতে দখল করে ঘর তুলেছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার দুপুরে প্রশাসন তাঁদের উচ্ছেদ করে দেয়। পৌর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, পৌর বাজারের কাটিয়ারা মৌজার ৮৩৭ দাগে ৩৭ শতক জমি আছে। ওই জমি বাজারের ধানের হাট হিসেবে ব্যবসায়ীরা ব্যবহার করছেন। মঙ্গলবার রাতে আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী ওই দাগের প্রায় ২০ শতক জমি দখল করে টিনের একটি লম্বা ঘর তোলেন। সকালে ব্যবসায়ীরা পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহাকে বিষয়টি জানান। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান ঘটনাস্থলে এসে ওই জমি থেকে তাঁদের উচ্ছেদ করেন।

মাধবপুর সদর ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে জানা গেছে, মাধবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম ১৮ জন নেতা-কর্মীর নামে ওই দাগের আট শতক জমি এক বছরের জন্য বন্দোবস্ত নেন। কিন্তু তাঁরা মঙ্গলবার অতিরিক্ত আরও ১২ শতক জমি দখলে নিয়েছিলেন।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, ‘আমরা এক বছরের বন্দোবস্ত নিয়েই টিন দিয়ে বেড়া দিয়েছিলাম। এখন আমরা আইনের প্রতি সম্মান দেখিয়ে ওই জমি ছেড়ে দিয়েছি। দিনে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করেন। তাই রাতে কাজ করেছি।