আ.লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় দুই ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

ওই নেতা-কর্মীরা হলেন উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লুত্ফর রহমান (৫২), ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সানোয়ার হোসেন (৩৩), আনোয়ার হোসেন (৩৫), আমিনুল ইসলাম (৩৮) ও নিশি কর্মকার (৩০)। তাঁদের বাড়ি বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, লাঞ্ছনার ঘটনার জের ধরে বামনডাঙ্গায় দাঙ্গা-হাঙ্গামা ছড়াতে পারে বলে ১৫১ ধারায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
২৫ মে বামনডাঙ্গা আবদুল হক ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সার্কাসের মঞ্চ ভাঙতে গিয়ে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজরুল ইসলামের লোকজনের হাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহমেদ ও মেজবাউল হক লাঞ্ছিত হন। ২৬ মে ম্যাজিস্ট্রেট মেজবাউল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন সোমবার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্কাস প্যান্ডেল ভেঙে দেয়।