আ.লীগের পাঁচ নেতা বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও নাঙ্গলকোট উপজেলায় আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয় বলে গতকাল রোববার দলীয় সূত্রে জানা গেছে।
বহিষ্কৃত নেতারা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মুহাম্মদ আবু তাহের, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল হাছান বাছির ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার এবং রায়কোট ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য সালেহা আক্তার।
ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান আবদুল জলিল বলেন, গত শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের এক সভা হয়। দলীয় প্রার্থীর বিরুদ্ধে চেয়ারম্যান পদে নির্বাচন করায় দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ প্রসঙ্গে ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবু তাহের বলেন, ‘জেলা আওয়ামী লীগের সদস্যকে উপজেলা আওয়ামী লীগ বহিষ্কার করতে পারে না। ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগ ভুল প্রার্থীকে সমর্থন দিয়েছে। তাই নির্বাচনে পরাজিত হওয়ার আশঙ্কা থেকেই এমন বিধিবহির্ভূত কাজ করেছে। এটা নির্বাচনে প্রভাব ফেলবে না।’
নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
জানতে চাইলে নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাছান বাছির ভূঁইয়া বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের কোনো পদে নেই। উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম।’