টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগে সখীপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল মালেক মিয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সখীপুর উপজেলা আওয়ামী লীগ।
টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচনের ভোট ২৯ মার্চ।
সখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সভায় দলের উপজেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, তাঁর সহোদর দলের উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউসুফ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, কালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কফিল উদ্দিন মাস্টার ও সখীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে বহিষ্কার করা হয়।