আ.লীগের পাল্টাপাল্টি কমিটি গঠনে উত্তেজনা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দুটি ইউনিয়নে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কমিটি গঠন নিয়ে উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে গত শুক্রবার গঠিত একটি কমিটি বাতিলের দাবি জানিয়ে শনিবার একটি পক্ষ জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে লিখিত আবেদন করেছে।দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৪ নভেম্বর সম্মেলনের মাধ্যমে আবদুর রাজ্জাককে সভাপতি ও সালাউদ্দিন বাবুকে সাধারণ সম্পাদক করে উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন এবং ২৩ নভেম্বর মো. আবুল হোসেনকে সভাপতি ও অরুণ পলাশকে সাধারণ সম্পাদক করে জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুর রউফ ওই দুই কমিটিকে অনুমোদন দিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে চলে যান। কিন্তু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম এ হালিমের পক্ষের ওই দুই ইউনিয়নের নেতা-কর্মীরা কমিটি দুটি মেনে নেননি।দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার এম এ হালিমের পক্ষের লোকজন সম্মেলন করে ওই দুই ইউনিয়নে আওয়ামী লীগের পাল্টা কমিটি গঠন করেন। এতে বিদ্যাকুট ইউনিয়নে আবুল কাশেমকে সভাপতি ও প্রণয় কুমার ভদ্রকে সাধারণ সম্পাদক এবং জিনদপুর ইউনিয়নে গোলাম রব্বানীকে সভাপতি ও হারুনুর রশীদকে সাধারণ সম্পাদক করা হয়। এ অবস্থায় নবগঠিত এই দুই কমিটি বাতিলের দাবি জানিয়ে আওয়ামী লীগের নেতা আবদুর রউফের পক্ষের লোকজন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে শনিবার আবেদন করেন।আবদুর রউফের পক্ষের নেতা ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শিব শংকর দাস দাবি করেন, ‘গত নভেম্বরে গঠিত ওই দুই ইউনিয়নের কমিটির অনুমোদন দিয়েছেন আহ্বায়ক। সুতরাং দুটি কমিটিই বৈধ। উপজেলার যুগ্ম আহ্বায়কদের এ কমিটি বাতিলের কোনো ক্ষমতা নেই।’এম এ হালিম বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা না করে আহ্বায়ক মহোদয় ঘরে বসে ওই দুটি কমিটির অনুমোদন দিয়েছেন। তাই জেলা কমিটির নির্দেশে বিধি মোতাবেক ওই দুটি কমিটি বাতিল করে আমরা শুক্রবার সম্মেলনের মাধ্যমে ওই দুই ইউনিয়নে নতুন দুটি কমিটি গঠন করে দিয়েছি।’ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল বারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন জানান, জেলা কমিটির নির্দেশে নতুন দুটি কমিটি হয়েছে কি না, তা তিনি জানেন না। তবে ওই দুটি ইউনিয়নের পাল্টাপাল্টি কমিটি গঠনের কথা তিনি জানতে পেরেছেন। জেলা কমিটির নেতারা বিবদমান দুই পক্ষকে নিয়ে বসে এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন।