আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচি বাগমারায় ১৪৪ ধারা জারি
রাজশাহীর বাগমারার মচমইল এলাকায় গতকাল বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ ওই এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় সম্ভাব্য সংঘাত এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, মহাজোট সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের নেতা আবদুস সোবহানের পক্ষের নেতা-কর্মীরা উপজেলার মচমইলে গতকাল বৃহস্পতিবার সমাবেশ করার ঘোষণা দিয়ে বুধবার প্রচার চালান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামের পক্ষের নেতা-কর্মীরা একই স্থানে অনুরূপ কর্মসূচির ঘোষণা দিয়ে প্রচার চালান। সমাবেশ করার জন্য উভয় পক্ষের নেতা-কর্মীরা মচমইল উচ্চবিদ্যালয়ের মাঠে পাশাপাশি দুটি মঞ্চ তৈরি করেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন জানান, সম্ভাব্য সংঘাত এড়াতে দুপুর পৌনে ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মচমইল বাজার ও উচ্চবিদ্যালয়ের মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।গতকাল দুপুরে জাকিরুল ইসলামের পক্ষের নেতা-কর্মীরা সমাবেশস্থলে যাওয়া শুরু করলে মচমইল মহিলা কলেজের সামনে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে তাঁরা ভবানীগঞ্জ-কেশরহাট সড়ক অবরোধ করে সেখানে সমাবেশ করেন। বিকেলে বিনোদপুর স্কুলমাঠে আবদুস সোবহানের পক্ষের নেতারা সমাবেশ করেন। আবদুস অভিযোগ করা হয়, তাঁদের পূর্বঘোষিত কর্মসূচি বানচাল ও সরকারের সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি পক্ষ পাল্টা কর্মসূচি দিয়েছে।