ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষ গতকাল সোমবার আলাদাভাবে মুজিবনগর দিবস পালন করেছে। এ উপলক্ষে পৌর শহরের দুই প্রান্তে তারা পৃথক সমাবেশ করে। এতে প্রতিপক্ষের বিরুদ্ধে বিষোদ্গার করা হলেও দিবসটির তাৎপর্য নিয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের এক পক্ষের সভাপতি ও সাবেক সাংসদ আবদুস সালামের পক্ষ শহরের স্বাধীনতা স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে। সেটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ পর্যন্ত গিয়ে একই স্থানে আসে। সেখানে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন উপজেলা কমিটির এক পক্ষের সভাপতি আবদুস সালাম, সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
বেলা তিনটার দিকে উপজেলা আওয়ামী লীগের অপর পক্ষের আহ্বায়ক ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খানের পক্ষের নেতা-কর্মীরা শহরের চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠে সমাবেশ করেন। সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া, আহ্বায়ক কমিটির সদস্য জালাল উদ্দিন, মো. সরাফ উদ্দিন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মাজহারুল হক ফকির, চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূঁইয়া প্রমুখ।
দুটি সমাবেশে উপস্থিত ছয়জন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই পক্ষের সমাবেশে একে অপরের কঠোর সমালোচনা করা হলেও মুজিবনগর দিবসের তাৎপর্য সম্পর্কে কাউকে কিছু বলতে শোনা যায়নি।
উপজেলা আওয়ামী লীগের এক পক্ষের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমাদের সভায় মুজিবনগর দিবস নিয়েই কথা হয়েছে। অপর পক্ষ তো আওয়ামী লীগের কেউ না। তারা মুজিবনগর নিয়ে কী বলবে?’
অপর পক্ষের আহ্বায়ক ও সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান প্রথম আলোকে বলেন, স্বাধীনতার পর তিনিই প্রথম নান্দাইলে মুজিবনগর দিবসে সমাবেশ করলেন। সেখানে দিবস নিয়ে কথা হয়েছে। অন্যরা এর আগে কোনো দিন এ দিবস পালন করেনি।
নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ‘সকাল থেকে পুলিশের কড়া টহল ছিল।’ র্যাবের একটি গাড়িকে মহাসড়কে কড়া নজরদারি করতে দেখা গেছে।
এদিকে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা করে। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা হয়। সেখানে বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেন।