আ.লীগের পৌর মনোনয়ন বোর্ড ১৮ সদস্যের
পৌর নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের ১৮ সদস্যের মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে। তাঁদের মধ্যে দলের সংসদীয় বোর্ডের ১১জন ছাড়া নতুন করে সাত নেতা যোগ করা হয়েছে। এই বোর্ডের সভাপতি শেখ হাসিনা ও সদস্যসচিব সৈয়দ আশরাফুল ইসলাম।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রথম আলোকে জানান, নতুন যুক্ত হওয়া সদস্যরা হলেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক ও কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।
আগামীকাল সোমবার গণভবনে এই বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী নির্বাচন নিয়ে আলোচনা করা হবে।
গত বৃহস্পতিবার রাতে আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের পৌর মেয়র পদপ্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জেলা কমিটি, উপজেলা কমিটি, শহর কমিটি/পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ নিয়ে একজন প্রার্থী মনোনয়ন দেবেন। মনোনীত প্রার্থীর নাম এবং নির্বাচনী আইন, নীতিমালা ও বিধিমালা অনুযায়ী সব তথ্য প্রার্থীর নামের সঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে হবে। পরে স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাচিত স্থানীয় সরকার/পৌর মেয়র মনোনয়ন বোর্ড মেয়র প্রার্থীর নাম ও প্রতীক বরাদ্দ করবে।