আ.লীগের প্রচার প্রকাশ্যে প্রস্তুতি নিচ্ছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ঘোষণার পর কিশোরগঞ্জে পৌরসভা নির্বাচনের বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা আরও তৎপর হয়ে উঠেছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা আগে থেকেই নির্বাচনী প্রচার চালালেও বিএনপির নেতারা এখন প্রস্তুতি নিচ্ছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মুঞ্জুরুল আলম বলেন, ‘গত মঙ্গলবার তফসিল ঘোষণার পর বুধবার থেকে ব্যস্ত সময় পার করছি। বিভিন্ন পৌরসভা থেকে সম্ভাব্য প্রার্থীরা এসে নির্বাচনী আচরণবিধি সম্বন্ধে জানতে চাইছেন। জেলার আটটি পৌরসভার মধ্যে সাতটিতে নির্বাচন হবে। মেয়াদ শেষ না হওয়ায় পাকুন্দিয়ায় নির্বাচন হচ্ছে না।
স্থানীয় সূত্র জানায়, তফসিল ঘোষণার আগে থেকেই পৌর নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা আগাম প্রচারণায় নামেন। ঈদ ও পুজোর শুভেচ্ছা-সংবলিত ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে চারদিক। কেউ কেউ স্থানীয় পত্রিকায় ছবিসহ বিজ্ঞাপন দিয়ে ভোটারদের শুভেচ্ছা জানাচ্ছেন। হকারদের দিয়ে পত্রিকার সঙ্গে বিভিন্ন প্রতিশ্রুতি-সংবলিত প্রচারপত্র বাড়ি বাড়ি বিলি করছেন।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, পৌরসভায় মেয়র পদে দল থেকে প্রায় ডজন খানেক প্রার্থী মনোনয়নপ্রত্যাশী। এর মধ্যে রয়েছেন বর্তমান মেয়র মাজহারুল ইসলাম ভূঞা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ পারভেজ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক দ্বীন মোহাম্মদ, পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদুল্লাহ, পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি শাহজাহান লস্কর ও হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এবং সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল বলেন, ‘মেয়র পদে নির্বাচন দলীয়ভাবে হওয়ার ঘোষণায় নেতাদের দায়িত্বশীলতা আরও বেড়ে গেছে। এখন সবাই একযোগে কাজ করতে পারব। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলায় বিএনপি কোণঠাসা থাকায় প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা না চালালেও সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি ঠিকই নিচ্ছেন। দল থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশা করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, দুই বারের পৌর চেয়ারম্যান আবু তাহের মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাঈল মিয়া ও জেলা বিএনপির সদস্য মাসুদুল হাসান।
পৌরসভার ভোটার রুকন উদ্দিন বলেন, দলীয়ভাবে প্রার্থী দেওয়ার কারণে মানুষ দলমত-নির্বিশেষে প্রার্থী বাছাইয়ের সুযোগ পাবে না। এখন অযোগ্য প্রার্থীও দলের কারণে নেতৃত্বে চলে আসবে।জাহাঙ্গীর আলম বলেন, দলীয় মনোনয়নে নির্বাচন হলে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক ধারার আরও বিকাশ ঘটবে। একই দল থেকে তিন-চারজন প্রার্থী দাঁড়াতে পারবে না। এতে নির্বাচন নিয়ে দলের ভেতরের কোন্দল কমে যাবে।