জামালপুরের ইসলামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী দলটির ‘বিদ্রোহী প্রার্থী’। একক প্রার্থী থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থায় বিএনপির প্রার্থী। তবে দলীয় কোন্দল থাকায় বেকায়দায় রয়েছেন তিনি। এতে এখানে লড়াই হবে ত্রিমুখী। দল দুটির তৃণমূলের নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।
ইসলামপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মেয়র শেখ আবদুল কাদের শেখ, ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা কৃষক লীগের সাবেক সদস্য এবং সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের ছেলে সাজেদ মোশারফ ওরফে সেবক। বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ঢালি।
আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতা-কর্মী বলেন, ইসলামপুর পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের কিছু জ্যেষ্ঠ নেতা এবং বিলুপ্ত কমিটির অধিকাংশ নেতা-কর্মী গোপনে বিদ্রোহী প্রার্থী সাজেদ মোশারফের পক্ষে রয়েছেন। এ কারণে ‘নৌকা’ প্রতীকের ভোট দুভাগে ভাগ হয়ে যাবে। অন্যদিকে বিএনপির একক প্রার্থী নির্বাচনী মাঠে কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকলেও দলীয় মনোনয়ন নিয়ে পৌর বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সঙ্গে চলছে কোন্দল। ফলে কিছুটা বেকায়দায় রয়েছেন বিএনপির প্রার্থীও।
আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাদের শেখ বলেন, সাজেদ মোশারফ দলীয় কোনো পদে নেই। ফলে তিনি ‘বিদ্রোহী’ প্রার্থী নয়। তিনি আরও বলেন, বিলুপ্ত কমিটির কিছু নেতা-কর্মী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে হয়তো তাঁর পক্ষে কাজ করতে পারেন। তবে নৌকা প্রতীকের ভোট দুভাগ হবে না।
‘বিদ্রোহী’ প্রার্থী সাজেদ মোশারফ প্রথম আলোকে বলেন, ‘আমি একজন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনী মাঠ থেকে সরে যেতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ চাপ সৃষ্টি করেছিল। তবে আমি নির্বাচনী মাঠে থাকার বিষয়টি তাঁদের জানিয়ে দিয়েছি। প্রার্থী হিসেবে আমাকে ভালো লাগলে যে কেউ আমার সঙ্গে থাকতে পারেন।’
বিএনপির একক মেয়র প্রার্থী রেজাউল করিম বলেন, ‘মনোনয়ন নিয়ে দলীয় কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে সমস্যা থাকলেও এখন আর সেটা নাই। সর্বস্তরের নেতা-কর্মী আমার সঙ্গে নির্বাচনী মাঠে কাজ করছেন। তবে তিনি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন।’
এ ব্যাপারে কথা বলার জন্য ইসলামপুর পৌর বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।