আ.লীগের প্রতিদ্বন্দ্বী বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত ব্যক্তির প্রার্থিতা বাতিল হওয়ায় অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ পেয়েছিলেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী। তবে তাঁর সেই সুযোগে বাদ সেধেছেন নিজ দলেরই দুজন বিদ্রোহী প্রার্থী। এখন লড়াই জমে উঠেছে আওয়ামী লীগ বনাম বিদ্রোহীদের মধ্যে।
এদিকে বিএনপির প্রার্থী ও পৌরসভার বর্তমান মেয়র টিপু সুলতানের প্রার্থিতা বাতিল হওয়ায় হতাশ হয়ে পড়েছেন দলের নেতা-কর্মীরা। তাঁরা বলছেন, বিএনপির প্রকৃত নেতাদের বাদ দিয়ে ধার করা প্রার্থী মনোনয়ন দেওয়ায় এই দশা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল হামিদ সরদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ ফরাজী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জালাল উদ্দিন।
বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বর্তমান মেয়র টিপু সুলতান। তবে অর্থনৈতিক অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতায় ভুল তথ্য দেওয়া তাঁর প্রার্থিতা বাতিল হয়। আবদুল হামিদ সরদার ও আবদুর রশিদ ফরাজীর প্রার্থিতাও বাতিল হওয়ায় আওয়ামী লীগের প্রার্থীর মাঠ অনেকটা ফাঁকা হয়ে যায়। তবে গত মঙ্গলবার উচ্চ আদালতের নির্দেশে আবদুল হামিদ ও আবদুর রশিদ প্রার্থিতা ফিরে পান।
নারচি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা আবদুল হাশিম বলেন, ‘দলের সাবেক দুই নেতা প্রার্থিতা ফিরে পেয়েছেন। মাঠে ধানের শীষ না থাকলেও দলের এ দুই বিদ্রোহী প্রার্থীর সঙ্গে নৌকার হাড্ডাহাড্ডি লড়াই হবে।’ মঙ্গলবার পৌরসভার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী আলমগীর শাহীর বিপক্ষে অন্যতম যুক্তি হিসেবে বিরোধী শিবিরের সমর্থকেরা বলেছেন, তিনি স্থানীয় নন। তাঁর বাড়ি সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নে। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাংসদ আবদুল মান্নান তাঁকে অন্য এলাকা থেকে এনে দলের সাধারণ সম্পাদকের পদে বসিয়েছেন। উপজেলা চেয়ারম্যান বানানোর চেষ্টা করেছেন। এখন আবার পৌরসভার দায়িত্বে বসাতে চাইছেন। একজন নেতার পছন্দ সাধারণ ভোটারের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
তবে আওয়ামী লীগের প্রার্থী আলমগীর শাহী প্রথম আলোকে বলেন, ‘বহিরাগত প্রার্থীর অপপ্রচার চালিয়ে ভোটারের কাছে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পাকুল্যা আগে সারিয়াকান্দি থানার অধীনেই ছিল। ২০০৩ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক এবং ২০১৩ সাল থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এখানে স্থায়ীভাবে বসবাস করছি। বিপদে-আপদে সব সময় মানুষের পাশে আছি।’
বিদ্রোহী প্রার্থীরা তাঁদের প্রচারকাজে বাধা ও হুমকির অভিযোগ করছেন। আবদুল হামিদ সরদার বলেন, ‘নৌকা মার্কার প্রার্থী আমার কর্মী-সমর্থকদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছি। সুষ্ঠু ভোট হলে নৌকা মার্কার প্রার্থী এখানে কোনোভাবেই জিততে পারবেন না। তাই ভোটে গোলযোগ সৃষ্টি করে ফলাফল ছিনতাই হতে পারে।’
এদিকে নির্বাচনে বিএনপির প্রার্থী না থাকায় হতাশ হয়ে পড়েছেন দলের নেতা-কর্মীরা। তাঁরা বলেন, বগুড়া বিএনপির দুর্গ। এখানকার পৌরসভায় বিএনপির প্রার্থী ছাড়া নির্বাচন হতে যাচ্ছে—এই লজ্জা দলের, এই লজ্জা জেলা নেতৃত্বের। তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তিনি বিপুল ভোটে বিজয়ী হতেন। কিন্তু তাঁর মনোনয়নপত্রে সমস্যা হবে এমনটা জানা ছিল না।