আ.লীগের প্রভাবশালীকে হারিয়ে 'বিদ্রোহী'র জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারের ভরাডুবি হয়েছে। এখানে বিজয়ী হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল করিম। ফল ঘোষণার পর দেখা যায়, এক হাজার ৮২৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী। আর এর পরেই নির্বাচনে ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে কারচুপির অভিযোগ আনে উপজেলা বিএনপি।
এই নির্বাচনে ছাত্রলীগের নেতা রেজাউল করিম তৃণমূলের ভোটে জয়ী হলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগের সমর্থন পান কামাল উদ্দিন সিকদার। রেজাউল ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে থাকেন। বিএনপির সমর্থন পান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহামঞ্চদ হেলাল উদ্দিন। বিএনপির ‘বিদ্রোহী’ হিসেবে নির্বাচন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ।
গত রোববার দিবাগত রাত পৌনে তিনটায় ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান। তাতে দেখা যায়, ১২৪টি কেন্দ্রের মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে রেজাউল করিম পেয়েছেন ৫৫ হাজার ১৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহামঞ্চদ হেলাল উদ্দিন দোয়াত কলম প্রতীকে পান ৫৩ হাজার ৩৭৩ ভোট। আর বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী কামাল উদ্দিন সিকদার আনারস প্রতীক নিয়ে পান ৩৫ হাজার ৭২৯ ভোট। আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, ২০০৯ সালে কামাল উদ্দিন সিকদার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বেশির ভাগ সময়ে ঢাকায় থাকতেন। ক্রমেই তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। এ ছাড়া পোশাক কারখানার ঝুট ব্যবসাসহ নানা কাজ তিনি নিজের কাছের গুটিকয়েক লোককে দেন। এসব কারণেই তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হন।
ভাইস চেয়ারম্যান পদে জামায়াত-সমর্থিত প্রার্থী হারুন আর রশিদ ৫৮ হাজার ৪৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগ-সমর্থিত সেলিম আজাদ ৪৫ হাজার ৪১৭ ভোট পান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী নার্গিস আক্তার পেয়েছেন এক লাখ আট হাজার ৮২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহনাজ আক্তার পেয়েছেন ১৬ হাজার ৩৬৫ ভোট। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের প্রার্থী জায়েদা নাসরিন পান ১৫ হাজার ৭২৮ ভোট।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম কবির গতকাল সোমবার বলেন, ‘কামাল উদ্দিন সিকদারকে কেন্দ্র থেকে সমর্থন দেওয়ায় আমরা তাঁর পক্ষেই কাজ করেছি। কিন্তু তৃণমূলের ভোটে নির্বাচিত রেজাউল করিমকে সমর্থন না দেওয়ায় স্থানীয় নেতা-কর্মীরা হতাশ হন।’
কালিয়াকৈর বিএনপির কার্যালয়ে গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবীর খান বলেন, ‘রোববার দিবাগত রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা হাবিবুর রহমান একেকটি কেন্দ্রের ফলাফল মাইকে ঘোষণা করতে থাকেন। তাতে বিএনপির প্রার্থী এগিয়ে ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ইউএনও বারবার বাইরে চলে যান এবং ফোনে কথা বলতে থাকেন। একপর্যায়ে রাত আড়াইটার দিকে রেজাউল করিমকে জয়ী করা হয়। এই নির্বাচন মেনে নেওয়া যায় না।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইয়েদুল আলম পুনরায় ভোট গণনার দাবি জানান।
বিএনপি-সমর্থিত প্রার্থী হেলাল উদ্দিন বলেন, ‘এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে জয়ী করলেও সরকারি দল প্রশাসনের চাপ সৃষ্টি করে আমাকে হারিয়ে দিয়েছে।’
তবে ইউএনও এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, কোনো ধরনের অনিয়মের সুযোগ ছিল না। সবার সামনেই ফল ঘোষণা করা হয়েছে।