আ.লীগের প্রস্তুতি সভায় হামলা
রাজশাহীর তানোরের মণ্ডুমালা পৌরসভা কার্যালয়ে আওয়ামী লীগের প্রস্তুতি সভায় হামলা চালিয়েছেন যুবলীগের নেতা-কর্মীরা। গত রোববার বিকেলে এই হামলায় স্থানীয় পৌরসভার মেয়র ও তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানিসহ কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা মেয়রের কক্ষেও ব্যাপক ভাঙচুর চালান।পৌর মেয়র গোলাম রাব্বানি ওই ঘটনায় যুবলীগের সাত নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল সোমবার একটি মামলা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীকে আগামী বৃহস্পতিবার তানোরের মণ্ডুমালা পৌর, বাধইড় ও পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনার উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে রোববার প্রস্তুতি সভায় যুবলীগের নেতা ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। হামলার খবর পেয়ে তানোর থানা ও মণ্ডুমালা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। হামলায় আহত ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের প্রবীণ নেতা লুৎফর রহমান (৬০) ও কর্মী রফিকুল ইসলামকে (৪৫) তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।