আ.লীগের প্রার্থী ও কর্মীদের হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ও গুনিয়াউক ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকদের মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদেরকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ।

গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ইউপি নির্বাচনের জেলা সমন্বয়কারী আল মামুন সরকার এ অভিযোগ করেন। আল মামুন সরকার বলেন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের নির্দেশে ওই দুই ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন নাসিরনগর থানার ওসি। গুনিয়াউক ইউপিতে বিএনপির প্রার্থী আবুল হোসেন ও হরিপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী রাশেদ চৌধুরীকে বিজয়ী করতে ওসি আবদুল কাদের প্রত্যক্ষভাবে কাজ করছেন।

আল মামুন সরকার আরও বলেন, নাসিরনগরের বিভিন্ন ইউনিয়নে দলীয় নীতিমালা লঙ্ঘন করে ডাকবাংলোয় বসে ছায়েদুল হক নিজের পছন্দের প্রার্থীদের মনোনয়ন দেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাড়াই প্রার্থী চূড়ান্ত করেন ছায়েদুল হক। তিনি বলেন, গুনিয়াউকে জনপ্রিয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম সামদানীর পরিবর্তে মন্ত্রীর ভাগনে হুমায়ূন কবীর ওরফে দরবেশ ও হরিপুর ইউপিতে যুদ্ধাপরাধীর সন্তান ফারুক আহমেদকে মনোনয়ন দেন মন্ত্রী। এসব বিষয়ে প্রতিক্রিয়া দেখা দেয়। এ ছাড়া যুদ্ধাপরাধীর সন্তানকে মনোনয়ন দেওয়ায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ওই প্রার্থীর বিরুদ্ধে আপত্তি জানায়। পরে কেন্দ্রের নির্দেশে দুটি ইউপিতে মনোনয়ন পুনরায় বিবেচনা করে জেলা আওয়ামী লীগ যোগ্য প্রার্থীদের নাম প্রস্তাব করে। দুটি ইউপিতে মন্ত্রীর প্রার্থীদের বাদ দিয়ে গুনিয়াউকে গোলাম সামদানী ও হরিপুরে আতিকুর রহমানকে মনোনয়ন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ।

আল মামুন সরকার বলেন, প্রার্থী বাতিল হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মন্ত্রী। এই দুটি ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী যেন নির্বাচিত হতে না পারেন, সে জন্য স্থানীয় প্রশাসনকে দিয়ে দলীয় প্রার্থীদের হয়রানি করা হচ্ছে। দলীয় প্রার্থীর ভোট নষ্ট করতে হরিপুরে রাশেদ চৌধুরী নামে একজনকে বিদ্রোহী প্রার্থী করা হয়েছে। উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ দুটি ইউপিতেই দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে বিএনপির প্রার্থী ও আ.লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে। তিনি বলেন, গত শুক্রবার বিকেলে গুনিয়াউকের গুটমা গ্রামে হুমায়ূন কবিরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রার্থীর ব্যানার, পোস্টার ও নৌকা প্রতীক আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী গোলাম সামদানী শনিবার থানায় মামলা দিলেও নাসিরনগর থানার ওসি গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তা লিপিবদ্ধ করেননি।

এ বিষয়ে জানতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মুঠোফোনে ফোন দিয়ে তা বন্ধ পাওয়া যায়। নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার ও ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব প্রথম আলোকে বলেন, দুটি ইউপিতে প্রার্থী বাছাই নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধান না করতে পারায় প্রার্থী ও সমর্থকেরা এমন অভিযোগ করছেন। তবে দলীয় প্রতীকের বিপক্ষে মন্ত্রী কাজ করছেন, এ অভিযোগ সঠিক নয়।

 মন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের প্রার্থীসহ নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ প্রসঙ্গে নাসিরনগর থানার ওসি আবদুল কাদের বলেন, ‘বিষয়টি সঠিক নয়। বরং আমি তাঁদের সহযোগিতা করছি।’