আ.লীগের প্রার্থী ও 'বিদ্রোহীর' পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও ‘বিদ্রোহী’ প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
গতকাল সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর দলীয় প্রার্থীর পক্ষে ও গত রোববার ‘বিদ্রোহী’ প্রার্থী হাবিবুর রহমান লিখিতভাবে এই অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোববার হাবিবুর রহমান অভিযোগ করেন, শহরের রিজার্ভ বাজার এলাকায় তাঁর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও পুলিশ লাইন এলাকার কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া মাঝেরবস্তী এলাকায় ঘরোয়া বৈঠকে বাধা ও আমানতবাগ এলাকার নারী কর্মীদের গালাগাল করারও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মুছা মাতব্বর এবং জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার হাত রয়েছে। ১৪ ডিসেম্বর থেকে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা তাঁর কর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছেন। এ ছাড়া মাইকিং করতে বাধা ও পোস্টার ছিঁড়ে ফেলারও অভিযোগ করেন হাবিবুর রহমান।
এদিকে গতকাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় মেয়র পদপ্রার্থী আকবর হোসেন চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. মুছা মাতব্বরের স্বাক্ষরে রিটার্নিং কর্মকর্তার বরাবর দেওয়া অভিযোগে বলা হয়, রোববার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের কর্মীরা তবলছড়ি এলাকায় তাঁদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছেন। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরীর কর্মীদের বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে।
মো. মুছা মাতব্বর বলেন, ‘হাবিবুর রহমানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং তাঁর কর্মীরাই আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে।’
হাবিবুর রহমান বলেন, ‘আমার কর্মীরা তবলছড়ি এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ের কাছেও যায়নি। এটা আওয়ামী লীগের মিথ্যাচার। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টার অংশ হিসেবে এ অভিযোগ করা হয়েছে।’
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান বলেন, এখনো শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চলছে। আচরণবিধি যেন লঙ্ঘন করা না হয়, তা নিশ্চিত করতে একটি ভ্রাম্যমাণ দল কাজ করছে।