আ.লীগের প্রার্থী ঘোষণাচূড়ান্ত হয়নি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দফায় কক্সবাজারের চকরিয়ার ১২ ইউনিয়নে নির্বাচন হবে।
দলীয় সূত্র জানায়, হারবাংয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিরানুল ইসলাম, বরইতলীতে বর্তমান চেয়ারম্যান জিয়াউদ্দিন চৌধুরী, লক্ষ্যারচরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ ম আওরঙ্গজেব, সুরাজপুর-মানিকপুরে বর্তমান চেয়ারম্যান আজিমুল হক, কাকারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত ওসমান, চিরিংগায় বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন, ফাঁসিয়াখালীতে বর্তমান চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরী, বমুবিলছড়িতে বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন, ডুলাহাজারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোছাইন, খুটাখালীতে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাহাদুর হক, সাহারবিলে মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল ও কৈয়ারবিলে সাবেক চেয়ারম্যান ফিরোজ উদ্দিন চৌধুরীকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ তাঁদের নাম ঘোষণা করেন।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। এ প্রসঙ্গে জানতে চাইলে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করে সম্ভাব্য দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম সংগ্রহ করা হয়েছে। আজ (শনিবার) হারবাংয়ে শেষ বর্ধিত সভা ছিল। কাল-পরশুর মধ্যে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র থেকে সবুজ সংকেত পাওয়া গেলে একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে।’
তবে জেলা ও উপজেলা বিএনপির অন্তত পাঁচজন নেতা প্রথম আলোকে বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী চকরিয়ার প্রার্থী চূড়ান্ত করা হবে।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, চকরিয়ার ১৮ ইউনিয়নের মধ্যে ১২টিতে ২৩ এপ্রিল নির্বাচন হবে। ইউনিয়নগুলো হলো হারবাং, বরইতলী, লক্ষ্যারচর, সুরাজপুর-মানিকপুর, কাকারা, চিরিংগা, ফাঁসিয়াখালী, বমুবিলছড়ি, ডুলাহাজারা, খুটাখালী, সাহারবিল ও কৈয়ারবিল। এসব ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ। ২৯ ও ৩০ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৬ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন।