আ.লীগের প্রার্থী চূড়ান্ত, ভোট করবে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী গতকাল শনিবার স্থানীয়ভাবে চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে হামলা-মামলা ও গ্রেপ্তার-আতঙ্ক এবং সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কায় স্থানীয় বিএনপির কেউ এই নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা ও দলীয় সূত্রে জানা গেছে, ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তাঁরা হলেন ছেংগারচর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আইউব আলী ও উপজেলা যুবলীগের সহসভাপতি বাবুল হোসেন। মনোনয়ন পেতে তাঁরা স্থানীয় সাংসদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে ধরনা দেন।
সূত্র আরও জানায়, মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় রফিকুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। গতকাল উপজেলার মোহনপুর গ্রামে মন্ত্রীর বাসায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে অনির্ধারিত বৈঠকে মনোনয়ন চূড়ান্ত করা হয়। বাকি সম্ভাব্য প্রার্থীরা নিজেদের গুটিয়ে নিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. কবির হোসেন বলেন, ‘মন্ত্রী ও দলীয় সিদ্ধান্তেই মেয়র পদে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।’
এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার গতকাল বলেন, মেয়র পদে ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র আমেনা বেগম ও পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলমসহ সম্ভাব্য প্রার্থীরা সবাই এলাকাছাড়া।