আ.লীগের প্রার্থী জয়ী হলে মন্ত্রী করবেন শিশুপার্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর পক্ষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শনিবার পৌর এলাকা থেকে দুই কিলোমিটার দূরে মন্ত্রী এক মতবিনিময় সভার আয়োজন করেন। এতে তিনি আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী সুবল সাহার পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার উদাত্ত আহ্বান জানান। মন্ত্রী প্রতিশ্রুতি দেন, সুবল সাহা নির্বাচিত হলে ফরিদপুরে ‘ওয়ান্ডারল্যান্ড’-এর মতো একটি অত্যাধুনিক শিশুপার্ক নির্মাণ করা হবে।এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা জগন্নাথ সাহা জানান, কোনো প্রার্থীর পক্ষে কোনো মন্ত্রী নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। আর নির্বাচনী আচরণবিধির ৬ নম্বর ধারার ১৫-এর (ক) ধারায় উল্লেখ আছে, ‘জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাঁহাদের সমপদমর্যাদাসম্পন্ন সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারিবেন না।’গত শনিবার বেলা সাড়ে ১১টায় শ্রমমন্ত্রী ফরিদপুর সদর পৌর এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কৈজুরি ইউনিয়নের বদরপুরে নিজস্ব বাসভবন আফসানা মঞ্জিলে ওই সভার আয়োজন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে স্বাগত বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সুবল সাহা নির্বাচিত হলে আমার সাহায্য পাওয়া যাবে। ফরিদপুর মহাবিদ্যালয়ের কাছে পৌরসভার যে চার একর জমি আছে, সেখানে ঢাকার ওয়ান্ডারল্যান্ডের মতো একটি অত্যাধুনিক শিশুপার্ক নির্মাণ করে দেওয়া হবে।’পৌর এলাকার বাইরে সভা করার ব্যাখ্যা দিয়ে শ্রমমন্ত্রী বলেন, পৌরসভার মধ্যে এ জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হতো। তাই তিনি সবাইকে এত দূরে ডেকে এনেছেন। সবাইকে কষ্ট দেওয়ার জন্য মন্ত্রী দুঃখ প্রকাশ করেন।শ্রমমন্ত্রী বলেন, ‘আমি নেতা হিসেবে এ নির্বাচনে বহু কাজ করতে পারতাম। কিন্তু নির্বাচনী আচরণবিধির কারণে তা সম্ভব হচ্ছে না। আমি অত্যন্ত অসহায় অবস্থার মধ্যে রয়েছি।’ তিনি আরও বলেন, সাবেক মন্ত্রীদের অনেকে পুরোদ্যোমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অথচ ক্ষমতাসীন দলের সাংসদ ও মন্ত্রী হওয়ায় তাঁর হাত-পা বাঁধা। তবে মুঠোফোনটি নির্বাচনী আচরণবিধির আওতায় আনা হয়নি। তাই তিনি মুঠোফোনে সবাইকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন বলে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে মেয়র পদপ্রার্থী সুবল সাহাও বক্তব্য দেন।এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা জগন্নাথ সাহা প্রথম আলোকে বলেন, পৌর এলাকার বাইরে হলেও কোনো প্রার্থীর পক্ষে কোনো মন্ত্রী নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। সে ক্ষেত্রে ওই প্রচারণা সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষেই যাবে।