
জেলার দৌলতপুর উপজেলার পদ্ম নদীসংলগ্ন গ্রামের নাম ভুরকাপাড়া। মেঠো, ঢিবি পথে মোটরসাইকেল চালিয়ে যখন পৌঁছালাম, ঘড়ির কাঁটা তখন বেলা দুইটা। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ কা ম সরওয়ার জাহান বাদশা সেখানে বাড়ির দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। কথা হলে তিনি বলেন, ‘মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।’
ঠিক তাঁর বিপরীত অবস্থানে রয়েছেন বিএনপি মনোনীত ধানের ধীষের প্রার্থী রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। গত বুধবার একটি মামলায় হাজিরা দিতে গিয়ে জামিন নামঞ্জুর হয়ে তিনি এখন কারাগারে। দুপুর ১২টায় রেজার তারাগুনিয়া এলাকায় নিজ বাড়ির সামনে তাঁর স্ত্রী শেফালী খাতুন বলেন, প্রার্থীই যেখানে কারাগারে বন্দী, সেখানে কর্মী–সমর্থকেরা আতঙ্কে, সেটাই স্বাভাবিক।
ভারতীয় সীমান্তবর্তী দৌলতপুর জেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা। এখানে বেশির ভাগ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। আবাদ করা প্রধান ফসলের মধ্যে রয়েছে ধান, পাট পেঁয়াজ, পান ও সবজি।
পারিবারিকভাবেই কৃষিকাজ করেন স্বরূপপুর গ্রামের বাসিন্দা আবু বকর সিদ্দিক। তাঁর প্রতিবেশী শুকচান। দুজনের বয়সই ৬০ ছুঁই ছুঁই। বাড়ির সামনে উঠানে পেঁয়াজ বিছানো। ভোটের কী অবস্থা জানতে চাইলে তাঁরা একবাক্যে বলেন, মাঠ আর বাড়ি, আর কিছুই জানি না। তবে পরিবেশ পরিস্থিতি ভালো থাকলে মানুষ ভোট দিতে যাবে। মানুষ ভোট দিতে উন্মুক হয়ে আছে।
আবু বকর বলেন, ভোট যা–ই হোক, কৃষকের কথা কেউ ভাবে না। পেঁয়াজসহ সবজির দাম কিছুই নেই। তবে এই সরকারের আমলে দৌলতপুরে সুখ–শান্তি আছে। সুখ হচ্ছে, খাওয়া-পরা আর শান্তি হচ্ছে রাতবিরাতে গাছতলায় ঘুমানো। যেটা আগে ছিল না। আগে শোবার ঘর থেকেও গরু চুরি হয়ে যেত।
গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার পিয়ারপুর, রিফায়েতপুর, দৌলতপুর, হোগলবাড়িয়া, মথুরাপুর ও মরিচা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ঘোরেন এ প্রতিবেদক। এ সময় পুরুষ–নারীসহ অন্তত ৩০ জনের সঙ্গে কথা হয়।
এসব এলাকা ঘুরে দেখা গেছে, নৌকার প্রার্থীর পোস্টার রশিতে ঝুলছে। মোড়ে মোড়ে ছোট–বড় নৌকা শোভা পাচ্ছে। ৫ ফিট থেকে শুরু করে ৪৫ ফিট পর্যন্তও নৌকা বানিয়ে তুলে ধরা হয়েছে। তবে এসব এলাকার কোথাও ধানের শীষের প্রার্থীর কোনো পোস্টার চোখে পড়েনি। লাঙ্গল ও হাতপাখাও কিছু টাঙানো হয়েছে।
নারী ভোটারের ভাবনা: সংগ্রামপুর গ্রামে সকাল ১০টায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন চারজন নারী। একজন বলছিলেন, ‘শুনছি নৌকা পতিক, আর কুনু পতিক নাই।’ কে প্রার্থী জানতে চাইলে তিনি বলেন, ‘বুলতে পারিনি ভাই। বাড়ির পুরুষ মানুষ যা বুলবে তাই করব। আমরা গুরু-ছাগল নিয়ে থাকি। ভোটের চিন্তা কইরবে ব্যাটাছেইলি।’
>মাঠ চষে বেড়াচ্ছেন নৌকার সরওয়ার জাহান বাদশা, কারাগারে ধানের শীষের রেজা আহাম্মেদ।
রাজনীতি দল: এলাকার মানুষের সঙ্গে আলাপচারিতায় জানা গেল, এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে তেমন কোনো দ্বন্দ্ব-বিরোধ নেই, কোনো ক্ষোভও নেই। ১০ বছর ধরে আওয়ামী লীগের সাংসদ। তার আগের ১০ বছর বিএনপির সাংসদ উপজেলাটি শাসন করেছেন। তবে প্রচারণা শুরুর পর বিএনপি নেতা–কর্মীদের নামে থানায় দুটি মামলা হয়েছে। একটি মামলায় ৮২ জন ও আরেকটি মামলায় ২১২ জনকে আসামি করা হয়েছে।
আওয়ামী লীগের নেতারা এসব মামলায় বাদী হয়েছেন। তবে পুলিশ আসামিদের ধরতে ব্যাপক অভিযান চালায়। এতেই বিএনপি নেতা–কর্মীরা আতঙ্কে রয়েছেন। ১২ ডিসেম্বর উপজেলার শীর্ষ ১৪ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। ধানের শীষের প্রার্থীও কারাগারে। এসব কারণে মাঠে প্রচারণায় নামছেন না বিএনপির নেতা–কর্মীরা।
জানতে চাইলে রেজা আহাম্মেদের এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, রেজা কারাগারে যাওয়ার পর প্রচারণা আর নেই। পুলিশ বাড়ির সামনে টহল দেয়। কেউ এলে তাকে জেরা করা হয়। তাঁর কথায়, ‘পুলিশ প্রশাসনের হ্যামারিং (চাপে) এ আছি, মাঠেই নামতে দিচ্ছে না, নামলেই ধরে নিয়ে যাচ্ছে। আজ (শুক্রবার) রুবেল নামে একজনকে অহেতুক ধরে নিয়ে গেছে।’
কোলদিয়াড় গ্রামের কৃষক আজিজুর রহমান বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে চাই। এমন চাওয়া সবারই। পরিবেশ নিয়ে আতঙ্ক রয়েছে। ভালো ভোট হলে প্রতিদ্বন্দ্বিতা হবে।’
বিকেলে তারাগুনিয়া এলাকায় নৌকার পক্ষে খণ্ড খণ্ড মিছিল দেখা গেল। নেচেগেয়ে কর্মী–সমর্থকেরা সড়কে মহড়া দেন।
লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার জামিল জুয়েল বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে তাঁর প্রচারণা চালান। মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির দলীয় প্রার্থী প্রচারণা জোরেশোরেই চালাচ্ছেন।
থানায় এক ঝলক: সকাল ১০টায় থানার সামনে এক মধ্যবয়সী পুরুষ ছোটাছুটি করছিলেন। সিরাজনগর গ্রাম থেকে কছিমদ্দিন নামে তাঁর দুলাভাইকে মধ্যরাতে বাড়ি থেকে ধরে নিয়ে এসেছে পুলিশ। কছিমদ্দিন কোনো দল করেন না। এলাকার আওয়ামী লীগ নেতাদের কারণে তাঁকে ধরা হয়েছে। গত বুধবার রাতে ধরা হলেও শুক্রবার সকাল পর্যন্তও তাঁকে চালান দেওয়া হয়নি। এ নিয়ে পুলিশের সঙ্গে দেনদরবার চলছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের দাবি, ‘রেজা আহাম্মেদকে শ্যাডো (ছায়া) নিরাপত্তা দেওয়া হয়েছে। মামলার যারা আসামি তাদেরই ধরা হচ্ছে। এখানে কোনো প্রার্থীই আমার আত্মীয় নয়। সরকারি কাজে কোনো পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। অভিযোগ সঠিক নয়।’