এনপিপির প্রার্থীর শিক্ষা ও আয় বেশি
আ.লীগের প্রার্থী নবম শ্রেণি ও বিএনপির প্রার্থী এসএসসি পাস
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় এবারই প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে। এতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আবদুল বারেক মোল্লা নবম শ্রেণি ও বিএনপির প্রার্থী আবদুল আজিজ মুসুল্লি এসএসসি পাস। তবে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) রাবেয়া খাতুনের শিক্ষা ও আয় দুটোই অন্যদের চেয়ে বেশি। রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
মেয়র পদের অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির (এরশাদ) মো. আনোয়ার হাওলাদার ও ইসলামী আন্দোলনের মো. নুরুল ইসলাম।
শিক্ষাগত যোগ্যতা: রাবেয়া খাতুন কামিল পাস। আনোয়ার হাওলাদার ও মো. নুরুল ইসলাম অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন।
পেশা ও আয়: আবদুল বারেক পেশা হিসেবে কৃষি ও ব্যবসা দুটিই দেখিয়েছেন। তিনি কৃষি খাত থেকে ২০ হাজার, বাড়ি-অ্যাপার্টমেন্ট, দোকান ও অন্যান্য ভাড়া থেকে ১ লাখ ৫৪ হাজার ও ব্যবসা থেকে ৭৪ হাজার টাকা আয় দেখিয়েছেন।
আবদুল আজিজ কৃষি খাত থেকে ৭৫ হাজার, ব্যবসা থেকে ২ লাখ, নির্ভরশীলদের কৃষি খাত থেকে ২৫ হাজার ও ব্যবসা থেকে ১ লাখ টাকা আয় দেখিয়েছেন।
আনোয়ার হাওলাদারের কুয়াকাটায় মেসার্স হাওলাদার ফিশ, হোটেল তাজ (আবাসিক) ও তালতলির ফকিরহাটে মেসার্স হাওলাদার আইস প্ল্যান্ট রয়েছে। তিনি কৃষি খাত থেকে ৮৫ হাজার, বাড়ি-অ্যাপার্টমেন্ট-দোকান ও অন্যান্য ভাড়া থেকে ৭৬ হাজার ও ব্যবসা থেকে ১ লাখ ৩৯ হাজার টাকা আয় দেখিয়েছেন।
নুরুল ইসলাম কৃষি খাত থেকে ১০ হাজার ও ব্যবসা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা আয় দেখিয়েছেন। রাবেয়া পেশায় গৃহিণী। তিনি শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংকে আমানত থেকে বার্ষিক আয় ৪ লাখ ২০ হাজার টাকা ও মৎস্য খাত থেকে ৩ লাখ ২০ হাজার টাকা দেখিয়েছেন।
সম্পদ: বারেকের নগদ টাকা ৫০ হাজার, ব্যাংকে জমা আছে ৫০ হাজার টাকা, নিজ নামে স্বর্ণ পাঁচ ভরি, স্ত্রীর নামে আট ভরি। এ ছাড়া তাঁর ১ দশমিক ৫১ একর কৃষি, ১ দশমিক ৮৩ একর অকৃষি জমি, বসতবাড়ি, পাঁচটি দোকানঘর ও স্ত্রীর নামে ১৩ শতাংশ কৃষিজমি রয়েছে।
আজিজের নগদ টাকা ৮০ হাজার, ব্যাংকে ৩০ হাজার টাকা, নিজ নামে ১৫ ভরি, স্ত্রীর নামে পাঁচ ভরি স্বর্ণ রয়েছে। এ ছাড়া তাঁর ৮ দশমিক ২০ একর কৃষি, ১ দশমিক ৩৩ একর অকৃষি জমি, একটি টিনের ঘর, স্ত্রীর নামে ৫০ শতাংশ কৃষিজমি ও দেড় শতাংশ অকৃষি জমি রয়েছে।
আনোয়ারের নগদ টাকা আছে ৫০ হাজার, ব্যাংকে জমা আছে ২ লাখ টাকা, স্ত্রীর নামে ৪০ ভরি স্বর্ণ রয়েছে। তাঁর নামে ৮ দশমিক ৪৫ একর কৃষি, ৭৫ দশমিক ২৫ শতাংশ অকৃষি জমি রয়েছে। আবাসিক-বাণিজ্যিক দালান তিনটি ও একটি বাড়ি রয়েছে।
নুরুলের নগদ ৫ লাখ টাকা এবং স্ত্রীর নামে পাঁচ ভরি স্বর্ণ রয়েছে। তাঁর এক বিঘা কৃষিজমি রয়েছে। রাবেয়ার ১৫ ভরি স্বর্ণ রয়েছে।
দায়-দেনা: বারেকের নামে কৃষি ব্যাংক, কুয়াকাটা শাখায় ১ লাখ ৫০ হাজার টাকা ও আনোয়ারের নামে ন্যাশনাল ব্যাংকের কুয়াকাটা শাখায় ২৫ লাখ টাকা ঋণ রয়েছে।
মামলা: বারেকের নামে আদালতে একটি মামলা বিচারাধীন। আনোয়ারের তিনটি মামলা থাকলেও এর একটি মামলা খারিজ ও দুটি নিষ্পত্তি হয়েছে। আজিজের নামে আদালতে দুটি মামলা ছিল, তা নিষ্পত্তি হয়েছে।
বারেক বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলাম। লেখাপড়া কম হলেও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা দিয়েই পৌরবাসীর কাঙ্ক্ষিত সেবা দিতে পারব।’ আজিজ বলেন, ‘আমি ২০ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। শিক্ষকতা করেছি। মেয়র নির্বাচিত হলে পৌর পরিষদ চালাতে সমস্যা হবে না।’ আনোয়ার বলেন, ‘আমি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। লেখাপড়া কম হলেও বাস্তব জ্ঞান দিয়ে পৌরসভা চালাতে পারব।’ নুরুল বলেন, ‘শিক্ষাগত যোগ্যতা নয়, নির্বাচিত হলে কাজের মাধ্যমে প্রমাণ দেব।’ রাবেয়া বলেন, ‘শিক্ষা ছাড়া কোনো কাজই ভালোভাবে করা সম্ভব নয়। তাই জনপ্রতিনিধি উচ্চশিক্ষিত হলে সেটা অবশ্যই ভালো।’