আ.লীগের প্রার্থী নেই, মাঠে জাসদ জাপা
পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া, আটোয়ারী) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। মাঠ সরগরম করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন মশাল প্রতীক নিয়ে ১৪ দলের কেন্দ্রীয় নেতা জাসদের নাজমুল হক প্রধান ও লাঙ্গল প্রতীক নিয়ে জেলা জাতীয় পার্টির (জাপা) আবু সালেক।
আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মজাহারুল হক প্রধান দলীয় নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
শীত উপেক্ষা করে এখানে প্রার্থীরা ভোর থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁরা ঘরোয়া উঠান বৈঠক থেকে সভা, সমাবেশ, মিছিল ও গণসংযোগ করছেন। বসে নেই প্রার্থীদের সমর্থক ও আত্মীয়স্বজনেরাও। কিন্তু বড় দুটি দলের প্রার্থী না থাকায় ভোটারদের মধ্যে তেমন উত্তেজনা দেখা যাচ্ছে না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ মজাহারুল হক বলেন, ‘দলীয় সভানেত্রীর নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’
এদিকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্রার্থী আবু সালেকের পক্ষে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে দেখা না গেলেও গ্রামাঞ্চলে এ দলের স্থানীয় পর্যায়ের অধিকাংশ নেতা-কর্মীকে জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হকের পক্ষে কাজ করতে দেখা গেছে। জাসদ প্রার্থী ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘জাতির পিতা শেখ মুজিব’ ইত্যাদি স্লোগান নিয়ে প্রচারণা চালানোয় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তাঁর পক্ষে বলে ভোটাররা জানিয়েছেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্বাস আলী বলেন, ‘আমরা জাপার পক্ষে কাজ করছি।’
প্রার্থী নাজমুল হক প্রধান বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করছি। এরশাদ হটাও আন্দোলন করেছি। ১৪ দলের মনোনয়ন পেয়ে ভোটের জন্য ভোটারদের কাছে যাচ্ছি। ভালো সাড়াও পাচ্ছি। আশা করি, আগামী নির্বাচনে জয়লাভ করে মহান জাতীয় সংসদে পঞ্চগড়-১ আসনের হয়ে প্রতিনিধিত্ব করব।’
জাপার আবু সালেক বলেন, ‘আমি দীর্ঘদিন পল্লিবন্ধু এরশাদের আদর্শে রাজনীতি করছি। জাপার মনোনয়ন নিয়ে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছি। আশা করি, ৫ জানুয়ারির নির্বাচনে এখানকার ভোটাররা লাঙ্গলের পক্ষেই তাঁদের রায় দেবেন।’