আ.লীগের প্রার্থী পরিবর্তনের ধাক্কা বিজয় দিবসের সজ্জায়ও
সাভারে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের ধাক্কা লেগেছে বিজয় দিবসের সাজসজ্জায়ও। এবার আগের মতো তোরণ ও ফেস্টুন নেই ঢাকা-আরিচা মহাসড়কে। দখল হয়নি পণ্যের বিজ্ঞাপনের বিলবোর্ডও।
এলাকার অনেকে জানান, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গত পাঁচ বছরে বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের আগে ঢাকা-আরিচা মহাসড়ক ভরে যেত তোরণ, ব্যানার আর ফেস্টুনে। বিলবোর্ড দখল করে টানানো হতো নানা ধরনের ব্যানার। সড়ক বিভাজকসহ উভয় পাশে তোরণ, ব্যানার আর ফেস্টুনে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের হাস্যোজ্জ্বল ছবির সঙ্গে থাকত তাঁর অনুসারীদের ছবি ও পরিচয়। কিন্তু এবার তা চোখে পড়ছে না। স্বল্পসংখ্যক তোরণ ও ফেস্টুন দেখা গেলেও তাতে সাংসদ ও তাঁর অনুসারীদের ছবি নেই।
গত বছর বিজয় দিবসের আগে সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত নির্মাণ করা হয়েছিল ২৭৩টি তোরণ। ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ছিল অসংখ্য। এবার ওই এলাকা ঘুরে মাত্র ৫০টি তোরণ দেখা গেছে। উলাইল ও গেন্ডা এলাকায় সড়ক বিভাজকের ওপর ফেস্টুনের অস্তিত্ব পাওয়া যায় শতাধিক। তবে চোখে পড়েনি বিলবোর্ড ও ব্যানার। গত বছরের তোরণের প্রায় সবগুলোতেই ছিল সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ ও তাঁর অনুসারীদের ছবি। অনুসারীদের সবাই ছিলেন যুবলীগ, ছাত্রলীগ ও হকার্স লীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদমর্যাদার নেতা। এবারের কয়েকটি তোরণে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও সাভার থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিকিৎসক এনামুর রহমানের ছবি রয়েছে। বাকি তোরণ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে। তবে ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি ছাড়া স্থানীয় কোনো নেতার ছবি নেই।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জনপ্রিয়তা জাহির করতে গত পাঁচ বছর বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের আগে তোরণ, ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুনে ছেয়ে ফেলা হতো ঢাকা-আরিচা মহাসড়ক। কিন্তু এবারের নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ ও তাঁর অনুসারীরা কোনো তোরণ নির্মাণ বা ফেস্টুন, বিলবোর্ড স্থাপন করেননি। তবে মনোনয়ন পাওয়ায় এবারই প্রথম তোরণ নির্মাণ করেছেন এনামুর রহমান।