কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী বাছাই নিয়ে দলটির নেতাদের মধ্যে কোনো তৎপরতা নেই। এ কারণে কাল সোমবারের মধ্যে স্থানীয়ভাবে প্রার্থী বাছাই করে কেন্দ্রে নাম প্রস্তাবের কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। শুধু তা-ই নয়, উপজেলা ও শহর আওয়ামী লীগ এক হয়ে সভা আহ্বান করতে ব্যর্থ হওয়ায় দলীয় প্রার্থীর বিষয়ে গতকাল শনিবার দিনভর শহরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
জানা গেছে, প্রথম শ্রেণির পৌরসভা ভৈরবে ভোটার প্রায় ৬০ হাজার। এরই মধ্যে বর্তমান মেয়র মো. শাহিন বিএনপি থেকে দলীয় সমর্থন পেয়েছেন। আওয়ামী লীগ থেকে সমর্থন প্রত্যাশা করে মাঠে আছেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র ফখরুল আলম এবং শহর আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হোসেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় নেতৃত্ব নিয়ে কয়েক বছর ধরে ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক আবুল মনসুর বিভক্ত। এর জের ধরে ফখরুল আলমকে সমর্থন পাইয়ে দিতে সায়দুল্লাহ পক্ষ মরিয়া হয়ে তদবির চালিয়ে যাচ্ছে। আর ইফতেখার হোসেনের হয়ে কাজ করছে মনসুর পক্ষ। উদ্ভূত অবস্থায় গতকাল কখনো খবর ছড়িয়ে পড়ে ফখরুল আলমকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে। আবার কখনো শোনা যায় সমর্থন গেছে ইফতেখার হোসেনের পক্ষে।
কে পাচ্ছেন দলের মনোনয়ন—সে বিষয়ে স্পষ্ট হতে সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা এখনো দলীয় প্রার্থী নির্বাচন করতে পারেননি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, কোন প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করা হবে, কেন্দ্রের সেই সিদ্ধান্তটি তাঁদের কাছে স্পষ্ট নয়। প্রায় প্রতিদিন বাছাই প্রক্রিয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য প্রচার করা হচ্ছে। তা ছাড়া, তাঁরা এখনো দল থেকে এ-সংক্রান্ত কোনো চিঠি পাননি। ফলে তাঁরা সভা আহ্বান করেননি।
সাধারণ সম্পাদক আবুল মনসুর বলেন, ‘এখনো আমরা চিঠিই পাইনি। জেলা কমিটিও পায়নি। তা ছাড়া, প্রার্থী বাছাই করা নিয়ে একেক সময় একেক ধরনের কথা শোনা যাচ্ছে।’
উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে বর্তমান মেয়র শাহিনকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভক্ত আওয়ামী লীগ সভা আহ্বান করতে ব্যর্থ হলেও নিজ বলয়ের প্রার্থীকে সমর্থন পাইয়ে দিতে নিচ্ছে নানা কৌশল। প্রথমত, পক্ষ দুটি স্থানীয় সাংসদ নাজমুল হাসানের সঙ্গে যোগাযোগ করে সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া মনসুর পক্ষ এরই মধ্যে শহর আওয়ামী লীগের ১২টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পর্যায়ে সভা করে নিজ বলয়ের প্রার্থীর পক্ষে ২০ নেতার স্বাক্ষর আদায় করেছে। সায়দুল্লাহ পক্ষও একই পথ অনুসরণ করে গতকাল পর্যন্ত ১৬৪ জনের স্বাক্ষর গ্রহণ করেছে। একই সঙ্গে বিকল্প হিসেবে নাগরিক কমিটির ব্যানারে নিজ বলয়ের প্রার্থীকে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ করে রেখেছে এই পক্ষ।