আ.লীগের প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে ‘মনোনয়ন-বাণিজ্যের’ অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দলটির মনোনয়নবঞ্চিত বেশ কয়েকজন নেতা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। আগামী ৪ জুন ভালুকায় ভোট।
ভালুকা উপজেলা বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলে ওই সংবাদ সম্মেলন হয়। এতে হবিরবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন সভাপতিত্ব করেন। সংবাদ সম্মেলনে দলটির মনোনয়নবঞ্চিত অন্তত ১০ জন উপস্থিত ছিলেন।
তাঁরা বলেন, ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে উপজেলা আওয়ামী লীগের নেতারা মনোনয়ন-বাণিজ্য করছেন। মনোনয়নের জন্য প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানোর আগে তৃণমূলের মতামত নেওয়া হয়নি। দলের ভূমিকা বা ব্যক্তির গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়নি। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকার বিনিময় ও আত্মীয়করণ করা হয়েছে। অবিলম্বে মনোনয়নের জন্য যাঁদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে, তাঁদের পরিবর্তে ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের নাম পাঠাতে হবে। না হলে কঠোর আন্দোলন হবে।
মল্লিকবাড়ি ইউপির মনোনয়নবঞ্চিত প্রার্থী ব্রজেন দাস বলেন, ‘৫০ বছর ধরে আওয়ামী লীগ করি। বিএনপি ক্ষমতায় থাকার সময় দিনের পর দিন বাড়িছাড়া ছিলাম। তারপরও মনোনয়নের জন্য আমার নাম কেন্দ্রে পাঠানো হয়নি।’
কথা বলার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ এম আমান উল্লার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফার মুঠোফোনে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুল হক, একই ইউনিয়নের মনোনয়নবঞ্চিত আতাউর রহমান, মল্লিকবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্রজেন দাস ও মনোনয়নবঞ্চিত জসিম উদ্দিন, কাচিনা ইউনিয়নের রুহুল আমিন, মুশফিকুর রহমান ও লতিফ ফকির, ভালুকা ইউনিয়নের আক্তার হোসেন ঢালী ও আফজাল হোসেন মণ্ডল, উথুরা ইউনিয়নের আবুল কালাম আকন্দ প্রমুখ।