আ.লীগের প্রার্থী বিজয়ী প্রভাব বিস্তারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-২ আসনের (বামনা-বেতাগী-পাথরঘাটা) উপনির্বাচনে গতকাল বৃহস্পতিবার কোনো ধরনের সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রাত আটটার দিকে পাওয়া বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শওকত হাচানুর রহমান।
বেসরকারি ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকে শওকত পেয়েছেন ৬৫ হাজার ৮১৩ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী সাবেক সাংসদ গোলাম সরোয়ার হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৯৯৩ ভোট।
বিরোধীদলীয় জোটের অংশ না নেওয়া এবং সরকারের একেবারের শেষ সময়ে অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে ভোটারদের তেমন কোনো উৎসাহ ছিল না। কিন্তু এর পরও ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও ভোটারদের নৌকা মার্কায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী।
বরগুনা-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ গোলাম সবুর গত ২৬ জুলাই সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ জন্য আসনটি শূন্য হয়। গতকাল অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপি অংশ নেয়নি। প্রতিদ্বন্দ্বী ছিলেন মাত্র দুজন। শওকত হাচানুর ও গোলাম সরোয়ার।
সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। সকাল থেকে থেমে থেমে ভারী বর্ষণের কারণে ভোটকেন্দ্র ভোটারের উপস্থিতিও ছিল কম। জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, ৫৫ শতাংশের মতো ভোট পড়েছে।
নির্বাচন চলাকালে পাথরঘাটা ও বেতাগী উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, এসব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব কম। তবে পাথরঘাটা উপজেলার অনেক কেন্দ্রে মোটামুটি লম্বা লাইন ছিল। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী পাথরঘাটা উপজেলার হওয়ায় তাঁদের কর্মীরা এখানে ভোটার উপস্থিতির ব্যাপারে বেশি তৎপর ছিলেন।
ইসলামী আন্দোলনের গোলাম সরোয়ার বিকেলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর পাথরঘাটার কাঁকচিড়া মাধ্যমিক বিদ্যালয়, হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয়, বড় টেংরা, মঠেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে; বেতাগীর পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তালগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোন্তাকাটা-লক্ষ্মীপুরা প্রাথমিক বিদ্যালয়, পাঙ্গাশিয়া ও পশুরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেয় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা। পরে ওই সব কেন্দ্রে ভোটারদের আওয়ামী লীগ কর্মীদের সামনে ব্যালটে নৌকা মার্কায় সিল দিতে বাধ্য করা হয়।
এ ছাড়া কয়েক দিন ধরে তিনটি উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বলেও অভিযোগ করেন ইসলামী আন্দোলনের প্রার্থী।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগ প্রাথীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার প্রথম আলোকে বলেন, অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এই উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে। এর পরও নির্বাচনকে বিতর্কিত করতে এসব অভিযোগ তোলা হচ্ছে।