আ.লীগের প্রার্থী মনিরুন, বিএনপি এখনো সংকটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তারা প্রার্থী হিসেবে মহিলা আওয়ামী লীগের উপজেলা সভাপতি সৈয়দা মনিরুন নাহারের নাম গতকাল শনিবার কেন্দ্রে পাঠিয়েছে। তবে বিএনপি গতকাল পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করতে পারেনি।
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য পৌর মেয়র মো. হারিছুর রহমান বলেন, উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে স্থানীয়ভাবে ২৫ সদস্যের মনোনয়ন বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্য হিসেবে ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলার সাতটি ইউনিয়ন কমিটির নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে আগৈলঝড়া উপজেলার সেরাল গ্রামে তাঁর নিজ বাড়িতে শুক্রবার রাতে বোর্ডের সভা হয়। মোট ১১ জন নেতা-কর্মী মনোনয়ন পেতে আবেদন করেছিলেন। কিন্তু সভায় সর্বসম্মতিক্রমে মহিলা আওয়ামী লীগের নেতা মনিরুন নাহারের নাম চূড়ান্ত করা হয়।
মনিরুন নাহার বর্তমানে গৌরনদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। প্রার্থী হিসেবে তাঁর নাম কেন্দ্রীয়ভাবে অনুমোদনের জন্য গতকাল ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে এই উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। দলীয় সূত্রগুলো বলছে, বর্তমান সরকারের অধীনে বিভিন্ন নির্বাচনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বিএনপির বেশির ভাগ জ্যেষ্ঠ ও গ্রহণযোগ্য নেতা প্রার্থী হতে রাজি হচ্ছেন না। ফলে প্রার্থী বাছাই নিয়ে তারা এখনো সংকটে রয়েছে।
জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন মিয়া বলেন, দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত করা হয়নি। তবে দু-এক দিনের মধ্যে মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হবে।
গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম খান গত বছরের ১৯ ফেব্রুয়ারি মারা যাওয়ায় পদটি শূন্য হয়। তফসিল অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই হবে; প্রত্যাহার করা যাবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।