আ.লীগের প্রার্থী মনোনয়নের সভায় হট্টগোল, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের একক চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের জন্য ডাকা বর্ধিত সভায় হট্টগোল হয়েছে। ঘটেছে ভাঙচুরের ঘটনা।
গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার হাটকালুপাড়া ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, হাটকালুপাড়া ইউপির প্রার্থী মনোনয়নের জন্য হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ বৃহস্পতিবার সকাল ১০টায় ইউপি কার্যালয়ে বর্ধিত সভা আহ্বান করে। সভায় দলের থানা কমিটির নেতা, চার মনোয়নপ্রত্যাশী এবং দল ও সহযোগী সংগঠনের ৮৬ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। থানার নেতারা বর্তমান চেয়ারম্যানকে সমর্থন করার জন্য আলাদা বৈঠকে অন্য তিন মনোনয়নপ্রত্যাশীর ওপর চাপ প্রয়োগ করেন। এতে তাঁরা রাজি না হয়ে ভোটের মাধ্যমে প্রার্থী মনোনয়নের দাবি করেন। এ অবস্থায় থানা নেতারা বর্ধিত সভা স্থগিতের ঘোষণা দিলে সভায় উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়।
একপর্যায়ে তাঁরা ইউপি কার্যালয়ের প্রায় ১৫টি চেয়ার ও টেবিল ভাঙচুর করেন। এ সময় সিদ্ধান্ত না দিয়েই নেতারা ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আত্রাই থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বলেন, ‘আমি সভা থেকে চলে আসার পর কী হয়েছে জানি না।’