টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনের জন্য কাল বুধবার দলীয় প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। গতকাল সোমবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা আবদুল মালেক এবং প্রয়াত সাংসদ শওকত মোমেন শাহজাহানের ছেলে অনুপম শাহজাহান মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন।
আগামী ২৩ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি।
আওয়ামী লীগের সাংসদ শওকত মোমেন শাহজাহান গত ২০ জানুয়ারি ভোরে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করায় আসনটি শূন্য হয়।
বৈঠক সূত্র জানায়, এতে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া উপজেলা নির্বাচন নিয়েও কথাবার্তা হয়।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফরউল্যাহ, ওবায়দুল কাদের এবং আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মঙ্গলবার ও বুধবার দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে এবং জমা নেওয়া হবে।