আ.লীগের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. রমজান আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তা গাজী মো. আসাদুজ্জামান কবির ওই নোটিশ দেন। ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
গত রোববার জেলা শহরের ইসলামিয়া কামিল মাদ্রাসায় সকাল ১০টা থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সাধারণ বিজ্ঞান এবং নবম শ্রেণির উচ্চতর গণিত বিষয়ে বার্ষিক পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু রমজান আলীর নির্বাচনী সভা থাকায় পরীক্ষা শুরু হয় সকাল আটটায়। পরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে মাদ্রাসার একটি বড় শ্রেণিকক্ষে শুরু হয় আলোচনা সভা। ওই সভায় পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং মাদ্রাসার দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় রমজান আলী উপস্থিত ব্যক্তিদের কাছে ভোট প্রার্থনা করেন। এরপর তাঁদের মাঝে খাবার পরিবেশন করা হয়। রমজান আলী ও তাঁর ছোট ভাই দেলোয়ার হোসেন তা দেখভাল করেন।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে গতকাল প্রথম আলোসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে নজরে এলে গতকাল রমজান আলীকে কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তা গাজী মো. আসাদুজ্জামান জানান, মেয়র প্রার্থী রমজান আলীকে সশরীরে উপস্থিত হয়ে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।