সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ১৪-দলীয় জোটের শরিক দলগুলো সমর্থন দিয়েছে।
গতকাল রোববার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে জোটের এক বৈঠক শেষে মুখপাত্র মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে এ কথা জানান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা ও সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনের প্রার্থী জয়া সেনগুপ্ত। এই দুই প্রার্থীকে বিজয়ী করতে ১৪ দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তাঁদের পক্ষে প্রচারের জন্য ১৪-দলীয় জোটের নেতারা অংশ নেবেন।
৩০ মার্চ কুমিল্লা ও সুনামগঞ্জে ভোট গ্রহণ হবে। সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ার কারণে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়। সেখানে আওয়ামী লীগের মনোনয়ন পান প্রয়াত সুরঞ্জিতের স্ত্রী জয়া সেনগুপ্ত।
নাসিম বলেন, বৈঠকে ২৫ মার্চ ‘জাতীয় গণহত্যা দিবস’ ঘোষণার প্রস্তাব জাতীয় সংসদে পাস হওয়ায় সবাইকে অভিনন্দন জানানো হয়েছে। ২৫ মার্চ ১৪ দল দিবসটি পালন করবে।
গত শনিবার নরসিংদী থেকে রাজধানীতে জাসদের একাংশের সমাবেশে যোগ দিতে আসা কর্মীদের ওপর পথে হামলা করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ জন্যে দুঃখ প্রকাশ করেন মোহাম্মদ নাসিম।
জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতারের সভাপতিত্বে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, জাসদের (আম্বিয়া) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।