আ.লীগের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাব উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুড়ী উপজেলায় গতকাল শনিবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিশেষ সভায় এ অভিযোগ করেন জাতীয় পার্টির (জেপি) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন।
সভায় রিয়াজ উদ্দিন বলেন, ‘নির্বাচনী প্রচারণায় আমার প্রতিদ্বন্দ্বী শাহাব উদ্দিন সাহেব জুড়ী ও বড়লেখা থানার পুলিশের প্রটেকশন নিচ্ছেন। অথচ নির্বাচনী আচরণ বিধিমালার ১৪ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে, তফসিল ঘোষণার পর সংসদ সদস্যরা সরকারি কোনো সুযোগ-সুবিধা পাবেন না।’ তিনি আরও জানান, ‘আমি নিরাপত্তাহীনতায় আছি। নির্বাচনে অংশ নেওয়ায় আমার ওপর বিএনপি ও জামায়াতের লোকজনের আক্রোশ রয়েছে। আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। অথচ পুলিশ আমার খবরও রাখে না।’ আওয়ামী লীগের প্রার্থী শাহাব উদ্দিন আচারণবিধি লঙ্ঘন করার অভিযোগ অস্বীকার করেছেন।
বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান সভায় সভাপতিত্ব করেন। ইউএনও মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার তোফায়েল আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত, জেপির প্রার্থী রিয়াজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।