আ.লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল হাইয়ের শৈলকুপা উপজেলা শহরের নির্বাচনী কার্যালয়ের আসবাব পেট্রল ঢেলে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আবদুল হাইয়ের কয়েকজন সমর্থক জানান, শৈলকুপা শহরে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের প্রধান ফটকের পাশে আবদুল হাইয়ের নির্বাচনী কার্যালয় নির্মাণ করা হয়েছে। নির্বাচনী প্রচারণা শেষ করার পর গত সোমবার রাত ১২টার দিকে আবদুল হাইয়ের সমর্থকেরা কার্যালয় বন্ধ করে বাড়ি চলে যান। রাত আনুমানিক তিনটার দিকে কে বা কারা পেট্রল ঢেলে ওই কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের চেয়ার, বেঞ্চসহ বেশকিছু আসবাব পুড়ে যায়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিষয়টি তাঁরা তদন্ত করে দেখছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।