আ.লীগের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সরকারি কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী বিধি লঙ্ঘন করে দুজন সরকারি কর্মচারী প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা হলেন পৌরসভার সাঁটমুদ্রাক্ষরিক দুলাল আহমদ ও কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের (কূপ-১) গাড়িচালক বোরহান আহমদ।
আওয়ামী লীগের প্রার্থী জাকারিয়া আহমদের (পাপলু) সঙ্গে গত শনিবার এ দুজন দিনভর গণসংযোগ করেন। ওই প্রচারণার একটি ছবি ওই রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আমরা পাপলু ভাইয়ের সমর্থক’ পাতায় দেওয়া হয়। সেখানে ওই দুজনের ছবি দেখা যায়।
পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫-এর ২২(১) ধারায় উল্লেখ রয়েছে, ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারিবেন না।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান বলেন, নির্বাচনী আইন অনুযায়ী পৌরসভা ও গ্যাসক্ষেত্র ‘সরকারি সুবিধাভোগী’ প্রতিষ্ঠান। আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানের কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। ফেসবুকে দেওয়া ওই ছবিসহ কেউ অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
দুলাল আহমদ গতকাল রোববার বলেন, ‘আইন জানা না থাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলাম। ভবিষ্যতে আর এমন হবে না।’ বোরহান আহমদ প্রথমে বিষয়টি অস্বীকার করলেও ফেসবুকে ছবি প্রকাশ হওয়ার কথা বললে তিনি ‘ভুল হয়ে গেছে’ বলে জানান।
মেয়র প্রার্থী জাকারিয়া আহমদ বলেন, ‘ওই দিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছি। ওই দুজন ওই এলাকার বাসিন্দা হওয়ায় সৌজন্যবশত আমার সঙ্গে ছিলেন। তা ছাড়া আমি বর্তমান মেয়র। পৌরসভার কোনো কাজে কর্মকর্তা বা কর্মচারীরা আমার কাছে আসতেই পারেন। তবে এসব ব্যাপারে সব সময় সতর্কতা অবলম্বন করি।’
তবে দুলাল ও বোরহানকে ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জাকারিয়া জানালেও বাস্তবে এ দুজন অন্য এলাকার বাসিন্দা।
পৌর কর্মচারী দুলালের বাড়ি পৌর এলাকার বাইরে, লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের উত্তর ঘুষগাঁও এলাকায়। বোরহানের বাড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ী এলাকায়।