আ.লীগের প্রার্থীর পক্ষে নেই বেশির ভাগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী জাকির হোসেন তালুকদারের পক্ষে নেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশির ভাগ নেতারা।
স্থানীয় সাংসদের নির্দেশের অপেক্ষা করছেন দলীয় নেতারা। সাংসদ যাঁর পক্ষে কাজ করতে বলবেন, নেতারা তাঁর পক্ষেই কাজ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে স্থানীয় নেতাদের পছন্দের প্রার্থী খায়রুল হাসান ওরফে খোকনকে কেন্দ্র থেকে মনোনয়ন না দেওয়ায় পৌরসভার আরেক ‘বিদ্রোহী প্রার্থী’ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী খায়রুল হাসান কেন্দ্রের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া থেকে বিরত থেকেছেন।
উপজেলা ও পৌর আওয়ামী লীগের একাধিক নেতার ভাষ্যমতে, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে কার্যালয়ে আসছেন না। তাঁরা ‘বিদ্রোহী প্রার্থী’র পক্ষে মিলাদ মাহফিল ও গণসংযোগে যোগ দিচ্ছেন। কেন্দ্রের মনোনীত প্রার্থীর পক্ষে এসব নেতারা কাজ করছেন না। ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী তাঁর পক্ষে কাজ করছেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক অভিযোগ করেন, কেন্দ্র থেকে যাঁকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে তাঁর পক্ষে ভোট চাওয়ার তেমন লোকও নেই। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ও পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা একই ধরনের মন্তব্য করেন। তবে পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, দৌলতখানের মানুষ ব্যক্তিকে নয়, প্রতীককে ভোট দেন। কেন্দ্র থেকে যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে তাঁর পক্ষেই তিনি আছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির আহমেদ খান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, দৌলতখান পৌরসভার মেয়র আলী আজম মুকুল ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসন থেকে সাংসদ নির্বাচিত হলে মেয়র পদটি শূন্য হয়। সেখানে উপনির্বাচনে জাকির হোসেন তালুকদারকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়। তখন তিনি অঙ্গীকার করেছিলেন আর কখনো নির্বাচন করবেন না। এ ছাড়া মেয়র হিসেবে তিনি অযোগ্যতারও প্রমাণ দেন। এ কারণে অনেক নেতা-কর্মী তাঁর ওপর নাখোশ।
মেয়র পদপ্রার্থী জাকির হোসেন তালুকদার বলেন, ‘জেলা-উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারাই মনোনয়ন দিয়ে আমাকে একবার মেয়র নির্বাচিত করেছেন। বিগত ১৮ মাস ধরে সফলভাবে পৌরসভা পরিচালনা করেছি বলেই কেন্দ্র আমাকে মনোনয়ন দিয়েছে।’
সাংসদ আলী আজম মুকুল গতকাল মঙ্গলবার মুঠোফোনে বলেন, ‘দৌলতখান পৌরসভায় কেন্দ্রের মনোনীত প্রার্থীই আওয়ামী লীগের একমাত্র প্রার্থী। আমি ইতিমধ্যে সব নেতা-কর্মীকে জাকির হোসেন তালুকদারের পক্ষে কাজ করতে বলেছি।’