কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে মাঠে নেমেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। গতকাল বুধবার বিকেলে তিনি কুমিল্লায় আসেন। এরপর তিনি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর সঙ্গে কথা বলেন। ৩০ মার্চ ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটায় নগরের রামঘাট এলাকায় অবস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান এ কে এম এনামুল হক শামীম। এ সময় দলীয় নেতা-কর্মী নিয়ে তাঁকে স্বাগত জানান আওয়ামী লীগের অন্যতম মেয়র পদপ্রত্যাশী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নূর উর রহমান মাহমুদ তানিম। তখন উপস্থিত ছিলেন আঞ্জুম সুলতানা ও কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি মো. ওমর ফারুক। পরে তিনি কুমিল্লা ক্লাবে যান। সেখানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।
এ কে এম এনামুল হক বলেন, ‘সব ভেদাভেদ ভুলে নৌকা প্রতীককে জয়ী করতে হবে। যাঁরা দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন, তাঁদেরই আগামীতে পুরস্কার হিসেবে মহানগর আওয়ামী লীগের কমিটিতে স্থান দেওয়া হবে। দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেত্রী আমাকে কুমিল্লায় পাঠিয়েছেন। নেত্রীর মর্যাদা রক্ষার জন্য দলীয় নেতা-কর্মীদের এককাট্টা হয়ে কাজ করতে হবে। নৌকার বিজয় এ ক্ষেত্রে ত্বরান্বিত হবে।’
এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুম সুলতানা, কুমিল্লা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম রৌশন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীনুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আবদুল্লাহ আল মাহমুদ সহিদ এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার।
তরুণ আওয়ামী লীগ নেতা নূর উর রহমান মাহমুদ তানিম বলেন, ‘কুমিল্লায় নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। নৌকা প্রতীককে জয়ী করার জন্য নিরলসভাবে কাজ করতে হবে। নেত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।’