আ.লীগের প্রার্থীর বড় বাধা অলির 'ইমেজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নেই। এখানে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মো. আইয়ুব। তিনি বর্তমান মেয়র ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পৌর কমিটির সভাপতি। এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের নিজ এলাকার তাঁর ‘ইমেজ’ ব্যবহার করে টানা দুবার তিনি নির্বাচনী বৈতরণি পার হয়েছেন। এবারও অলির ‘ইমেজের’ বিপরীতে আওয়ামী লীগ প্রার্থীর ভরসা দলীয় প্রতীক নৌকা।
চন্দনাইশে আওয়ামী লীগের মেয়র প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম। দলের নেতা-কর্মীরা বলছেন, মাহবুবুল আলমকে তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়েও কর্নেল অলির ‘ইমেজ’কে বেশি মোকাবিলা করতে হবে। এ কারণে প্রচারণা ও জনসংযোগে এলডিপির প্রার্থীর চেয়ে তিনি বেশি মনোযোগী বলে জানান নেতা-কর্মীরা।
জানতে চাইলে মাহবুবুল আলম বলেন, ‘অলি আহমদ প্রতিবার কেঁদে কেঁদে ভাইপোর (আইয়ুব) জন্য ভোট চান। একসময় এখানে তাঁর কিছুটা ইমেজ ছিল। তা কাজে লাগিয়ে সব নির্বাচনে ভোট চান তিনি। কিন্তু এখন আর সেই দিন নেই। পৌরসভার কোনো উন্নয়ন হয়নি। মানুষ এখন নৌকামুখী।’
জোটের নেতা-কর্মীরা জানান, এক সপ্তাহ আগে কর্নেল অলি আহমদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী চন্দনাইশে এক সভায় মো. আইয়ুবকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। অলি আহমদ নির্বাচনের আগে আবারও চন্দনাইশে এসে প্রার্থীর পক্ষে কাজ করবেন।
জানতে চাইলে মেয়র পদপ্রার্থী মো. আইয়ুব বলেন, ‘এলাকার লোকজন আমাকে প্রতিদিন দেখেন। প্রতিদিন তাঁদের সঙ্গে কথা হয়। উনি (মাহবুবুল আলম) অনেক দিন এলাকায় ছিলেন না। চন্দনাইশে যত উন্নয়ন হয়েছে, তাঁর সবটাই কর্নেল অলি আহমদের কৃতিত্ব। তাঁর ইমেজের কারণে এখানে এলডিপি এগিয়ে রয়েছে।’
বিএনপির নেতা-কর্মীরা বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকা অবস্থায় ২০০২ সালে চন্দনাইশ পৌরসভা হিসেবে স্বীকৃতি পায়। পৌরসভা গঠনের পেছনে অলি আহমদের অবদান রয়েছে। এর আগে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর যোগাযোগমন্ত্রী থাকাকালে অলি আহমদের উদ্যোগে চন্দনাইশের রাস্তাঘাটসহ এলাকার অবকাঠামোগত উন্নয়ন করেন। সাংসদ থাকা অবস্থাতেও তিনি এলাকার উন্নয়নে অবদান রাখেন। ফলে চন্দনাইশে অলি আহমদের আলাদা একটি ইমেজ গড়ে ওঠে। পরে তিনি বিএনপি ছেড়ে নেতা-কর্মীদের নিয়ে এলডিপি গঠন করেন।
পৌর সদরের বাসিন্দা নাছির উদ্দিন বলেন, ‘এখানে নির্বাচনে অলি সাহেব একটি বড় ফ্যাক্টর। তিনি এলাকার জন্য অনেক কাজ করেছেন। তাই নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা থাকবে ওনার।’