আ.লীগের প্রার্থীর বিরুদ্ধে বিএনপির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ হোসেন ও মহিব্বুর রহমান
মোশাররফ হোসেন ও মহিব্বুর রহমান

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মহিব্বুর রহমান বিভিন্ন জায়গায় সভা করেছেন। তাঁর সমর্থকেরা নৌকা প্রতীকের পক্ষে মিছিল ও সভা করছেন।

কলাপাড়া প্রেসক্লাবে গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলন করে মোশাররফ এমন অভিযোগ করেন। তিনি দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক।

মোশাররফ বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১০ ডিসেম্বরের আগে কোনো প্রার্থী প্রচারণা বা সভা করতে পারেন না। অথচ মহিব্বুর রহমান এ আচরণবিধির তোয়াক্কা করছেন না। মহিব্বুর নিজে এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় সভা করেছেন।

মোশাররফ আরও বলেন, গত ২৯ নভেম্বর কুয়াকাটা পর্যটন হলিডে হোমসের অভ্যন্তরের খোলা মাঠে নৌকা প্রতীকের সভা করা হয়েছে। পর্যটন মোটেল হচ্ছে সরকারের প্রতিষ্ঠান। অথচ সেখানে মঞ্চ করে সভা করা হয়েছে। এখানকার সভা থেকে বিএনপির নেতা-কর্মীদের এলাকাছাড়া করার ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে ২৭ নভেম্বর মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সভা করা হয়েছে। ১ ডিসেম্বর ধুলাসার ইউনিয়নের চরচাপলী ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং আলীপুর মৎস্য বন্দর এলাকায় সড়কপথ বন্ধ করে সভা করা হয়েছে। প্রতিটি সভাতেই মহিব্বুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা মাইক ব্যবহার করে বক্তব্য দেন।

২৮ নভেম্বর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করা হয়েছে। একই দিন কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে বিএনপির সমর্থকদের একটি ক্লাব ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। হামলায় যুবদলের কর্মী মো. কবির হোসেন, রিয়াজ রাঢ়ীসহ ১০-১২ জন বিএনপি-যুবদলের কর্মী আহত হয়েছেন। ৩০ নভেম্বর লালুয়া ইউনিয়নের বানাতিবাজারে বিএনপির কর্মী আলমগীর হাওলাদারকে মারধর করে আহত করা হয়েছে। এটা কোনোভাবেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হতে পারে না।

মোশাররফ কলাপাড়া উপজেলার নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি নুর বাহাদুর, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান বিশ্বাস, সহসভাপতি কে এম খালেকুজ্জামান প্রমুখ।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মহিব্বুর রহমান বলেন, আসলে যেসব সভা করা হচ্ছে, সেগুলো মূলত সংগঠনের ইউনিয়নভিত্তিক বর্ধিত সভা। এতে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে তাঁর মনে হয় না।

ইউএনও মো. তানভীর রহমান বলেন, এসব বিষয় লিখিতভাবে জানালে তাঁরা ব্যবস্থা নিতে পারবেন।