সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ও বর্তমান পৌর মেয়র আয়ুব বখত জগলুলের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী দেওয়ান গনিউল সালাদীন।
গনিউল সালাদীনের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের সময় অনধিক পাঁচজন লোক নিয়ে যাওয়ার কথা। কিন্তু আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আয়ুব বখত জগলুল শতাধিক দলীয় নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এতে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হয়েছে।
তবে পৌর মেয়র আয়ুব বখত জগলুল বলেছেন, ‘আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি।’
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমাদের কাছে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময়ের ছবি আছে। যেসব প্রার্থী পাঁচজনের বেশি লোক নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন তাঁদের সতর্কীকরণ চিঠি দেওয়া হবে। এর মধ্যে বতর্মান পৌর মেয়র আয়ুব বখত জগলুলও আছেন।’