আ.লীগের প্রার্থীর সমর্থকদের শোভাযাত্রায় হামলা
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে গতকাল বুধবার সকালে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আজমল আল বাহারের সমর্থকদের শোভাযাত্রায় হামলার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত বর্তমান চেয়ারম্যান আবদুস সোবহানের সমর্থকেরা এ হামলা চালিয়েছেন। হামলায় কমপক্ষে চারজন গুরুতর আহত হন।
তাঁরা হলেন জিল্লুর রহমান, ইয়াছিন, রশিদ ও শাহীন। আহত লোকজনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এবারের সরিষা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আজমল আল বাহার।
আজমল আল বাহার বলেন, তিনি ঢাকা থেকে ফিরছিলেন, এমন সংবাদে তাঁর সমর্থকেরা শোভাযাত্রা বের করেন।
বর্তমান চেয়ারম্যান আবদুস সোবহানের সমর্থকেরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে শোভাযাত্রায় হামলা চালান। হামলার ঘটনায় তিনি পাংশা থানায় অভিযোগ করবেন বলে জানান।
বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান বলেন, ‘বাহারের লোকজন আমার বাড়ির সামনে দিয়ে আসার সময় আমাকে ও আমার মা-বাবাকে উদ্দেশ করে গালাগাল দিয়ে স্লোগান দিচ্ছিল। এ সময় আমার সমর্থকেরা তাদের নিষেধ করে। এতে দুপক্ষের মধ্যে মারামারি হয়। আমার কয়েকজন সমর্থক গুরুতর আহত হয়েছে।’