
হারুন অর রশিদ ওরফে ট্রুম্যান মিয়া এবারের ভোলা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী। অথচ বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারণায় মুখর তিনি।
বিএনপির এই প্রার্থীর প্রচার-প্রচারণায় মনে হয়, নির্বাচনে তাঁর কাছে জয় পাওয়ার চেয়ে শেষ পর্যন্ত টিকে থাকার লড়াই করাটাই শ্রেয়। তাই তো অনেকেই আওয়ামী লীগের প্রার্থীর ‘নিজস্ব’ লোক বলেই মনে করছেন তাঁকে। যদিও বিএনপির প্রার্থী একে ‘প্রচারণার নিজস্ব ঢং’ বলে দাবি করেছেন।
হারুন অর রশিদ গত রোববার তাঁর দুটি নির্বাচনী সভায় মোহাম্মদ মনিরুজ্জামানের নানা স্তুতি গান। বলেন, ‘৩৭ বছর ধরে বিএনপি করছি। ধানের শীষ বুকে ধারণ করতে পেরেছি। এ জন্যই দলের প্রতি, খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ। নির্বাচনে হারানোর বা পাওয়ার কিছু নেই।’ মেয়র মনিরুজ্জামানকে নিজ আত্মীয় ও প্রতিবেশী দাবি করেন তিনি।
এদিকে শহরে স্বাস্থ্য সুরক্ষা ও বিনোদনের স্থান, সড়ক, দৃষ্টিনন্দন সড়কবাতি, সৌন্দর্যবর্ধক পদক্ষেপ, গ্যাস ও নালা ব্যবস্থাপনা, ফুটপাতসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড ও আওয়ামী লীগের তরুণ নেতৃত্বের নিচে এবার নির্বাচনে বিএনপির ভোটব্যাংক চাপা পড়তে যাচ্ছে বলেও মনে করছেন অনেকে।
বিভিন্ন ওয়ার্ডের প্রায় অর্ধশত ভোটার এ রকম কথা বলেন যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তরুণ ও প্রতিশ্রুতিশীল। আর বিএনপির প্রার্থী নিজেই নির্বাচনী সভায় আওয়ামী লীগের প্রার্থীর প্রশংসা করছেন। ভোলাবাসী যতই বিএনপিমনা হোক না কেন, ভোটের সময় বর্তমান মেয়রের উন্নয়ন ও প্রতিশ্রুতি এবং বিএনপির দুর্বল প্রার্থীর কথা বিবেচনা করবেন তাঁরা।
তবে জেলা বিএনপির একাধিক নেতার দাবি, অতীতে সব সময় ভোলা পৌরসভায় বিএনপি যেকোনো দলের চেয়ে বেশি ভোট পেয়েছে। এবারও তা-ই হবে। জনগণ ভোটাধিকার পেলে বিএনপির পক্ষে নীরব ভোট বিপ্লব ঘটাবে। নির্বাচন অফিসের এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০০৮ সালের সংসদ নির্বাচনে ভোলা পৌরসভায় ধানের শীষে পড়েছে ১৪,৫৫৬ ভোট। নৌকায় ৮,৭৫৫ ভোট। আর ২০১১ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বর্তমান মেয়র (স্বতন্ত্র) মোহাম্মদ মনিরুজ্জামান পেয়েছেন ৯,১৫৭ ভোট। বিএনপি-সমর্থিত প্রার্থী ও বর্তমান জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ৮,৩৭০ ভোট এবং আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল মমিন টুলু ১,১৫৬ ভোট।
২০১১ সালের পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর হারার কারণ হিসেবে বিএনপির কয়েকজন নেতার মূল্যায়ন, তখন নির্বাচনটি ছিল প্রার্থী-প্রার্থীর লড়াই। কোনো দলীয় লড়াই ছিল না সেটি। যদিও বিএনপির কিছু নেতা তখন গোপনে মনিরুজ্জামানের পক্ষে কাজ করেছেন। সে দলে বিএনপির বর্তমান মেয়র প্রার্থীও ছিলেন। এ নিয়ে ওই সময়ে দলে চরম বিরোধ দেখা দিয়েছিল।
এসব বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, ‘দলে এখন কোনো বিরোধ নেই। জেলা, উপজেলা ও পৌর বিএনপি সভা করে হারুন অর রশিদকে মনোনয়ন দিয়েছে। নির্বাচনে একমাত্র তাঁরই টাকা খরচ করার সামর্থ্য আছে। অন্যরা রাজি হয়নি।’
গোলাম নবী আরও বলেন, এখন দলের স্বার্থে সবাই একত্র হয়ে কাজ করছে। আওয়ামী লীগ ও প্রশাসনের জাঁতাকলে বিএনপির নেতা-কর্মীরা এমনিতেই পিষ্ট। এ জন্য বিএনপি অনেকটা সংঘাত এড়ানোর নীতি অবলম্বন করছে। যে যেখানে আছেন সেখান থেকেই প্রচার চালাচ্ছেন। মানুষ ভোট দিতে পারলে বিএনপিই জয়ী হবে।
ওদিকে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল ইসলাম খান বলেন, ‘বিএনপি নেতাদের লাইসেন্সে অনেক আওয়ামী লীগের ঠিকাদার কাজ করেছেন। তবে এর অর্থ এই নয় যে বিএনপি প্রার্থী আওয়ামী লীগ প্রার্থীর নিজস্ব লোক। বিএনপির প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীর উন্নয়নকাজের প্রশংসা করে ভোটকে নিরপেক্ষ-সুষ্ঠু করার দাবি করছেন। এটা নির্বাচনী কৌশল।’
আর মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘নির্বাচনী মাঠ কোনো খেলার মাঠ নয়, ভোট পেতে জনগণের কাছে যেতে হবে, নির্বাচনী ওয়াদা পূর্ণ করতে হবে। আমি শতভাগ ওয়াদা পূর্ণ করেছি। তাই জয় নৌকারই হবে।’