সিরাজগঞ্জের ছয়টি পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের অনেকে মনোনয়নের আশায় এখন ঢাকায় অবস্থান করছেন। মনোনয়ন কমিটি প্রার্থীদের তালিকা গতকাল রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছে।
এদিকে বিএনপি আরও দুই পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে। এ নিয়ে চারটিতে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হলো।
সিরাজগঞ্জের সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ ও কাজীপুর পৌরসভায় আওয়ামী লীগের মোট ২৮ জন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেন। আওয়ামী লীগের মনোনয়ন কমিটি শনিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেয়। আবেদনগুলো যাচাই-বাছাই করে মনোনয়ন কমিটি মতামত দেয়। মতামতসহ প্রার্থীদের তালিকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল ঢাকার কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে গেছেন। আর মনোনয়নের আশায় সম্ভাব্য প্রার্থীরাও এখন ঢাকায়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যেতে পারে।
তবে দলের স্থানীয় নেতারা বলেন, কমিটির মতামতের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়েছে।
মেয়র পদে আবেদনকারীরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার সৈয়দ আবদুর রউফ, কে এম হোসেন আলী হাসান, ইসাহাক আলী, সেলিম আহমেদ; বেলকুচিতে আশানুর বিশ্বাস, মীর সিরাজুল ইসলাম, গাজী ফজলুল হক সরকার; শাহজাদপুরে হালিমুল হক, মো. আবদুর রহিম, মো. আমিরুল ইসলাম, হায়দার আলী, মনির আক্তার খান, মো. রবিন আকন্দ, রাসেদুল হাসান জাফর, মো. আবদুর রফিক মোহন, মো. রকিবুল হক সরকার; কাজীপুরে গোলাম মোস্তফা তালুকদার, আবদুল হান্নান তালুকদার, নিজাম উদ্দীন সরকার; উল্লাপাড়ায় মো. নজরুল ইসলাম, আহসান আলী সরকার ও ফয়সাল কাদের এবং রায়গঞ্জ পৌরসভায় আকসারুল আলম, জুয়েল মাহমুদ আকন্দ, আবদুল্লাহ আল পাঠান, মো. হানিফ উদ্দীন সরকার, সুলতান মাহমুদ ও গোলাম মোস্তফা।
অপরদিকে বিএনপির পক্ষ থেকে রায়গঞ্জে নূর সাঈদ সরকার এবং কাজীপুরে মাসুদ রায়হানকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এর আগে উল্লাপাড়ার বেল্লাল হোসেন আর সদরে মোকাদ্দেস আলীকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বলেন, ছয়টির মধ্যে চারটি পৌরসভার প্রার্থী চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া কাজীপুরের বর্তমান মেয়র আবদুস সালাম বিএনপি থেকে ইস্তফা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, ‘আগে দলীয় সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। এবার দলীয়ভাবে অন্য আরেকজনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’