আ.লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন খসরু

আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও সাবেক আইন প্রতিমন্ত্রী সাংসদ আবদুল মতিন খসরুকে দলটির সভাপতি মণ্ডলীর সদস্য করা হয়েছে। আর আইনবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী শ ম রেজাউল করিমকে। আজ শুক্রবার রাতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত নেন।
এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে শনিবার দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। এ বিষয়ে জানতে চাইলে আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবদুল মতিন জানান, তিনি চার বারের সাংসদ। তিনি আওয়ামী লীগের বুড়িচং উপজেলা ও কুমিল্লা জেলা কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিচ্ছেন।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা ৮১। নতুন এই সিদ্ধান্তের ফলে কমিটির ৭৭টি পদ পূর্ণ হলো। সভাপতিমণ্ডলী ও নির্বাহী সদস্যের দুটি করে পদ এখনো ফাঁকা রয়েছে।