আ.লীগের বর্ধিত সভা পণ্ড
হট্টগোল ও হাতাহাতির ঘটনায় পণ্ড হয়ে গেছে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। গত শুক্রবার উপজেলা গণমিলনায়তনে ওই সভা আহ্বান করা হয়েছিল। সে সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য জহির বাঙালি ও আওয়ামী লীগের কর্মী মানিক আহত হন। এ ঘটনার জের ধরে শনিবার সকালে উপজেলার নদনাবাজারে নদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ বন্ধু দেবনাথের ওপর হামলা করে দুই সন্ত্রাসী। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ তাঁকে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল চারটার দিকে সোনাইমুড়ী উপজেলা গণমিলনায়তনে পূর্বনির্ধারিত বর্ধিত সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম ওরফে বাকের। সভার শুরুতে মমিনুল ইসলাম বাকের পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ করে অনুমোদনের প্রস্তাব করেন। এ সময় সভায় উপস্থিত কয়েকজন নেতা গত এক বছরে উপজেলা নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দিতে চাইলে হট্টগোল ও হাতাহাতি শুরু হয়। এ সময় ক্ষুব্ধ নেতা-কর্মীদের চেয়ার ভাঙচুর ও হামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা জহির বাঙালি ও আওয়ামী লীগের কর্মী মানিক আহত হন।উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক আ ফ ম বাবু হট্টগোল ও ভাঙচুরের সত্যতা নিশ্চিত করে বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা দলের কেউ নয়। বহিরাগত লোকেরাই এ ঘটনা ঘটিয়েছে।