আ.লীগের বর্ধিত সভায় প্রার্থী বাছাই, এক পক্ষের ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় ইউপি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের অভিযোগে বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভোট বর্জন করেছেন। এতে স্থানীয় আওয়ামী লীগের মধ্যকার বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। ভোট বর্জনকারী মোস্তাফিজুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুসের আত্মীয়।
এ ব্যাপারে মোস্তাফিজুর রহমান বলেন, প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভাটি ডেকেছিল। তাই তিনি সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু ইউপি নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তাৎক্ষণিক ভোট গ্রহণের প্রক্রিয়া তিনি বর্জন করেছেন। তিনি অভিযোগ করেন, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের কতিপয় নেতার পছন্দের প্রার্থীকে একতরফাভাবে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনীত করাই ছিল ওই সভার উদ্দেশ্য। সভায় সাংসদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের ২১ সদস্যের উপদেষ্টা কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত সাপেক্ষে নির্বাচন দাবি করেন। এতে দলে সাধারণ ভোটারের মতামত প্রতিফলিত হবে। মোস্তাফিজুর রহমান এলাকায় একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। তিনি দুবার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২১ মার্চ প্রার্থী বাছাই উপলক্ষে মশিন্দা উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভা ডাকে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল বারী এতে সভাপতিত্ব করেন। আনুষ্ঠানিকতা শেষে নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ভোট গ্রহণ করা হয়। এতে মশিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল বারী ২৯ ভোট, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ১৬ ভোট, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন ৪ ভোট ও জাহিদুল ইসলাম খাঁ ১০ ভোট পান।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী বলেন, আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেননি মোস্তাফিজুর রহমান। তাই তিনি ভোট বর্জন করেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস নির্বাচন ও প্রার্থী বাছাই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি।