মেহেরপুর সরকারি ভূমি নিবন্ধন কার্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। অভিযোগ রয়েছে, জমি নিবন্ধনে সরকার-নির্ধারিত মাশুলের দ্বিগুণ টাকা নেওয়া হচ্ছে। এভাবে প্রতি মাসে অবৈধভাবে প্রায় দেড় কোটি টাকা আদায় করা হয়। এ জন্য মেহেরপুর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনকে দায়ী করেছে আওয়ামী লীগ।সকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা সাংসদের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে শাস্তি দাবি করেন। পরে মিছিলটি মেহেরপুর ভূমি কার্যালয় ঘেরাও করে। এ সময় পুলিশ কার্যালয়টি ঘিরে রাখে ও মিছিলকারীদের প্রবেশে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ অনুমতি দিলে বিক্ষোভকারী নেতা-কর্মীরা সাব-রেজিস্ট্রার আবদুস সাত্তারের কক্ষে গিয়ে দুর্নীতি বন্ধসহ মাশুলের হার বোর্ডে টাঙিয়ে দিতে বলেন। পরে নেতারা জেলা রেজিস্ট্রার শামিমা সুলতানার কক্ষে ঢুকে একই অভিযোগ করেন।পরে ভূমি কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আবদুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলীসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতারা বক্তব্য দেন। গোলাম রসুল বলেন, সাংসদ জয়নাল আবেদীনের ইন্ধনে একটি চক্র এই দুর্নীতি করছে। গত ১৫ জানুয়ারি আইন প্রতিমন্ত্রীর মেহেরপুর সফরকালে বিষয়টি জানানো হয়। সেদিন প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। তার পরও এখানে কোটি কোটি টাকার দুর্নীতি চলছে। মিয়াজান আলী বলেন, বিভিন্ন সময় সরকারের বিভিন্ন সংস্থা তদন্ত করে দুর্নীতির প্রমাণ পেয়েছে। কিন্তু কোনো কাজই হচ্ছে না। এ ব্যাপারে ভূমি কার্যালয়ে সাব-রেজিস্ট্রার আবদুস সাত্তার বলেন, ভূমি নিবন্ধনের সময় তাঁরা সরকার-নির্ধারিত মাশুলই নেন। এর বাইরে কেউ অতিরিক্ত অর্থ নিলে তাঁর কিছুই করার নেই। জেলা রেজিস্ট্রার শামিমা সুলতানা জানান, এই চক্র খুবই শক্তিশালী। এটা ভাঙা তার একার পক্ষে সম্ভব নয়। সাংসদ জয়নাল আবেদীন বলেন, ‘ভূমি কার্যালয়ে দুর্নীতির সঙ্গে আমি জড়িত নই। সবই ষড়যন্ত্র।’